ইবি সংবাদদাতা-
দুইশ পিস ইয়াবাসহ ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী বকুল জোয়াদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে ডিবি পুলিশের একটি টিম ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া থেকে তাকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি টিম ক্যাম্পাস পার্শ¦বর্তী শেখপাড়া বাজারে অভিযান চালায়। অভিযানে ইবির চতুর্থ শ্রেণীর কর্মচারী বকুল জোয়াদ্দারকে দুই’শ পিস ইয়াবাসহ প্রেপ্তার করে। রোববার তার বিরুদ্ধে ঝিনাইদহ শৈলকূপা থানায় ডিবি পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
বকুল জোয়াদ্দার ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার সংলগ্ন তক্কেল জোয়াদ্দারের ছেলে ও ঝিনাইদহ শৈলকূপা ১নং ত্রিবেণী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, বকুল জোয়াদ্দারকে ধরতে বেশ কয়েকবার অভিযান চালানো হয়। কিছুদিন আগে তাকে ধরতে গেলে কৌশলে এড়িয়ে যায়। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘মাদক, জঙ্গি এবং সন্ত্রাস এর সঙ্গে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
স/এষ্

