তিন জাতির সিরিজ খেলতে ইংল্যান্ড যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল
রাহুল রাজ : ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার যুবাদের বিপক্ষে তিন জাতির সিরিজ খেলতে আগামি বছর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
সূচি মোতাবেক সিরিজ মাঠে গড়াবে ২০২১ সালের অগাস্টে। দুই দলের বিপক্ষে তিনটি করে মোট ছয়টি ওয়ানডে খেলবে লাল সবুজের যুবারা। ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই সিরিজটি আয়োজন করা হয়েছে।
যুবা বিশ্বকাপের আগামি আসর সামনে রেখে গেল সেপ্টেম্বরে গঠন করা হয়েছে নতুন অনূর্ধ্ব-১৯ দল। এই লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ৪ সপ্তাহের আবাসিক ক্যাম্প।
দক্ষতা ও যোগ্যতার নিরিখে সেই ক্যাম্প থেকেই বেছে নেয়া হয়েছে ২০২২ অনূ-১৯ বিশ্বকাপ দল। সেই দলের সদস্যরাই ক্রিকেট কুলিন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ট্রাই ন্যাশন সিরিজটি খেলবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) এখবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাওসার।
তিনি জানিয়েছেন, আগামি বছরের অগাস্টে তিন জাতির একটি সিরিজ খেলতে আমাদের অনূ-১৯ দল ইংল্যান্ডে যাচ্ছে। সিরিজে বাংলাদেশ ছাড়া অপর দুটি দল হলো, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুই দলের সঙ্গে তিনবার করে মোট ছয়টি ম্যাচ খেলবে। আর যদি কোয়ালিফাই করতে পারি তাহলে আমরা ফাইনালও খেলব। সিরিজের সূচি এখনো অগাস্টেই আছে।
স/এষ্

