তাড়াইলে পরীক্ষার প্রশ্নের উত্তর তৈরির দায়ে
শিক্ষকের ৩ মাসের কারাদন্ড
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
জেলার তাড়াইল উপজেলায় চলতি বছরের জেএসসি পরীক্ষায় মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি ধারণ করে উত্তর তৈরি করার দায়ে মো. মাসুম মিয়া (৩৭) নামে এক সহকারী শিক্ষককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার এ দন্ডাদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত মো. মাসুম মিয়া তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার জানান, বৃহস্পতিবার জেএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের এমসিকিউ প্রশ্ন মোবাইলে ছবি তুলে তা সমাধান করছিলেন শিক্ষক মো. মাসুম মিয়া। এমন অপরাধটি শিক্ষকের মোবাইলে প্রমাণিত হওয়ায় ১৯৮০ সনের পাবলিক পরীক্ষা অপরাধ আইন এর ১২ ধারা অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।
স/মা

