কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিষয়ে আবারও তনুর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
গোয়েন্দাদের তলবে তনুর বাবা-মাসহ পরিবারের পাঁচ সদস্য বুধবার সকালে সিআইডি কার্যালয়ে উপস্থিত হন। এ নিয়ে কয়েক দফায় তনুর পরিবারকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি।
এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এই হত্যার রহস্যের জট খুলতে কাজ করছে সিআইডি।
‘আমি আশা করি, তনু হত্যার মূল ঘটনা তারা উদঘাটন করবে। আজকে যে প্রশ্নটা আসছে, তনুর আত্মীয়স্বজনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এটা একটা তদন্তের অংশ। তদন্ত চলছে। কাজেই আমি মনে করি, তদন্তে সত্যিকারের ঘটনাটা উদঘাটিত হবে’, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গত সোমবার কুমিল্লা সিআইডি কার্যালয় থেকে তনুর পরিবারকে চিঠি দিয়ে- তনুর মা-বাবা, দুই ভাই ও চাচাতো বোনকে নিয়ে ঢাকার সিআইডি কার্যালয়ে যেতে বলা হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজার ও সাংবাদিক উৎপল নিখোঁজের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের তদন্ত যারা করছেন, সেই গোয়েন্দা সংস্থা কাজ করছেন। আমি আশা করি, যে দুজন হারিয়ে গেছেন বলে আপনারা (সাংবাদিকেরা) বলছেন, এরা উদ্ধার হবেন।’ কবে নাগাদ উদ্ধার হবে বলে আশা করছেন—এমন প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী তার উত্তর এড়িয়ে যান।
৭ নভেম্বর থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর পূর্ব পশ্চিম বিডি ডট নিউজ নামের অনলাইন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস গত ১০ অক্টোবর নিখোঁজ হন।
গত বছরের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স/এষ্

