ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আরো এক ধাপ এগিয়ে ফরিদপুর জেলা পুলিশ
আবু নাসের, ফরিদপুর ব্যুরো: যাত্রা শুরু করলো ফরিদপুর জেলা পুলিশের অনলাইন সফটওয়্যার ভিত্তিক পরোয়াণা রেজিস্টার কার্যক্রম। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আরো এক ধাপ এগিয়ে গেলো ফরিদপুর জেলা পুলিশ।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম বিগত দুই মাস ব্যাপী বিভিন্ন সমীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ বুধবার বিকাল ৪টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে সফলভাবে সফটওয়্যারটির উদ্বোধন করেন তিনি।

এসময় পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম বলেন,
এখন থেকে আদালত হতে ইস্যুকৃত গ্রেফতারী পরোয়াণা সফটওয়্যারের মাধ্যমে ফরিদপুর জেলা পুলিশের ৯ টি থানায় পৌছে যাবে। পরোয়াণা সমূহ আদালত হতে ইস্যু হওয়ার সাথে সাথে পরোয়াণা তামিলকারী সংশ্লিষ্ট অফিসার মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে মামলার সুত্রসহ সংশ্লিষ্ট ব্যক্তির নাম-ঠিকানা জেনে যাবেন।
তিনি আরো বলেন, পরোয়াণভুক্ত কোন ব্যক্তি গ্রেফতার হলে থানা থেকে সফটওয়্যারের মাধ্যমে আদালতসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে স্বয়ংক্রিয়ভাবে তথ্য পৌছে যাবে। এছাড়াও পরোয়াণাভুক্ত ব্যক্তির বিষয়ে কোন আগাম তথ্যও এ সফটওয়্যারে এন্ট্রি দেওয়া যাবে ফলে সংশ্লিষ্ট সকলে খুব সহজেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এ সফটওয়্যারের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হলে পরোয়াণা বিষয়ক বিভিন্ন দপ্তরে দাপ্তরিক কার্যক্রম পেপারলেস হয়ে যাবে।
সফটওয়্যার উদ্বোধনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইমদাদ হোসেন প্রমূখ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার এর তত্ত্বাবধানে জেলা পুলিশের এএসআই(নিঃ) মোঃ সাজেদুর রহমান এবং কনস্টেবল রিয়াজ আহমেদ পিয়াল সফটওয়্যারটির প্রোগ্রাম পরিকল্পনা করেন এবং ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্র আবিদ হাসান রনি এবং আসলাম মাহমুদ সিয়াম প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদান করেন।

