গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন দুর্ঘটনায় নিহত সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। ঘটনাস্থানে চারজন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই ঘটনায় আরও অর্ধশতাধিক আহত হয়েছেন।
রোববার (১৫ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে টঙ্গী রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গীর স্টেশন মাস্টার জানিয়েছেন, ওই ঘটনায় পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আহতদের টঙ্গী হাসপাতাল ছাড়াও ঢামেক হাসপাতাল নেয়া হয়েছে।
টঙ্গীতে ওই দুর্ঘটনার পর দুপুর দেড়টার দিকে আহত ছয়জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শাহদাত হোসেন (৩৫) নামের একজনকে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত ডাক্তাররা। শাহদাত হোসেনের বাড়ি ময়মনসিংহ।
এছাড়া বাকি পাঁচজন হলেন- বাদল (২৮), সবুজ (৪০), ইসরাফিল (১২), আলমগীর (৩২) এবং ফরিদ (২৮)। ডাক্তারের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত।
দুর্ঘটনা সম্পর্কে কমলাপুর রেল স্টেশনের (জিআরপি) ওসি ইয়াসিন ফারুক জানান, ক্রসিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা আতঙ্কে ছাদ থেকে লাফ দিলে ট্রেনে কাটা পড়েন।
স/এষ্

