মো: সামসুল ইসলাম ।। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে ঘরের মাঠে ধারাবাহিকভাবেই ভাল করছিল। ২০১৫ বিশ্বকাপের পর থেকেই দলটি বেশ ধারাবাহিক।
কিন্তু সর্বশেষ নিউজিল্যান্ড সফরে যে ভরাডুবি, ইনজুরি এবং ট্রমাটিক (মসজিদে বন্দুকধারীর হামলার কারনে)পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের ক্রিকেটারদের, তা ছিল সত্যিই এক কঠিন সময়।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে খেলতে গিয়ে অনুশীলন ম্যাচে আয়ারল্যান্ড উলভস দলের কাছে যেভাবে হেরে গেল তাতে ভয় আর শংকা বাড়ছিল সমর্থকদের। কিন্তু সব শংকাকে পিছনে ফেলে যেভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ, তা এক কথায় অবিশ্বাস্য।
ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় মাশরাফি বাহিনী যেভাবে খেললেন প্রতিটি ম্যাচ এবং ইতিবাচক ফলাফলে জিতলেন, তা চরম পেশাদারিত্ব ছাড়া অন্যকিছু নয়। কোন ম্যাচই সহজ ছিলনা, আমাদের ছেলেরা সেটা সহজ করে নিয়েছে। ফাইনালের কথায় ধরুন, ২৪ ওভারে ২১০ রানের লক্ষ্য কি খুব সহজ ছিল? মোটেও না, আমরা সেটা সহজ করে নিয়েছি।
যে দলটার কোন ফাইনাল জেতার অভিজ্ঞতায় ছিলনা, সেই দলটাই কিনা ফাইনালে পর্বতসম একটি লক্ষ্য তাড়া করলো ৭ বল আর ৫ উইকেট হাতে রেখেই। অবিশ্বাস্য- হ্যাটস অফ টাইগার্স। নিন্দুকেরা হয়তো বলবেন, আয়ারল্যান্ড এবং উইন্ডিজ আর এমন কি শক্তিশালী দল।
কিন্তু দেখুন গতকালই আয়ারল্যান্ড আফগানিস্তানকে হারালো, ঘরের মাঠে ওরা বেশ শক্ত। পুরো টুর্নামেন্ট জুড়ে এমন দাপুটে পারফরমেন্স দেখানো দলটি শিরোপা না জিতলে অন্যায় হতো। বিধাতাও ন্যায়বিচার করতে ভুল করেননি।
বিদেশের মাটিতে এবং ইংলিশ কন্ডিশনে এমন সফল প্রস্তুতি, আর শিরোপা জয় বাংলাদেশ দলকে আরো আত্মবিশ্বাসী করেছে। প্রতিটি ম্যাচে ব্যাটিংয়ে ভাল শুরু এবং দল হিসেবে পারফর্ম করায় দলীয় শক্তি আরো বেগবান হয়েছে। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ জনই ম্যাচ খেলার সুযোগ পেয়ে ফর্ম খুঁজে পেয়েছেন। সবমিলিয়ে দলের আত্মবিশ্বাস এখন তুংগে।
সুতরাং বিশ্বকাপে সমর্থকরা স্বপ্ন দেখুন, একটু বড় করেই দেখুন।
—মো: সামসুল ইসলাম,
ক্রীড়া ধারাভাষ্যকার
স/এষ্

