টঙ্গীবাড়ীতে সাতুল্লাহ-পাঁচগাঁও সড়কের বিভিন্ন স্থানে ব্যাপক খানাখন্দ
এম এম রহমান : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সাতুল্লাহ, পাঁচগাঁও বাজার হয়ে লৌহজং উপজেলার বানকাইস রাস্তার সংযোগ সড়ক পর্যন্ত রাস্তাটিতে বিভিন্ন স্থানে থাকা খানাখন্দ আর গর্তের কারনে যাতায়াতে ভোগান্তি বেড়েছে বলে জানিয়েছেন যাত্রী এবং পরিবহন চালকরা।
স্থানীয়রা জানান, প্রায় ২ বছর আগে সংস্কার করা এই সড়কটি গেলো বছর বন্যার সময়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সাতুল্লাহ মোড় থেকে পাঁচগাঁও বাজার হয়ে লৌহজং উপজেলার বানকাইস এলাকা পর্যন্ত রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। পাশাপাশি লৌহজং উপজেলার বানকাইস সংযোগ সড়কের প্রায় ১শ মিটার রাস্তা বন্যার স্রোতে বিলীন হয়ে যায়।
সেখানে মাটি ফেলে ভরাট করে সচল করা হলেও কাঁচামাটির রাস্তা আরো পুরো সড়কটির বিভিন্ন স্থানে থাকা ব্যাপক খানাখন্দের কারনে হাজারো মানুষ যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তাটি দিয়ে টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া, দিঘিরপাড়, হাসাইল, আড়িয়ল এবং পাঁচগাঁও ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ নিয়মিত লৌহজংসহ অন্যান্য এলাকায় যাতায়াত করেন।
রাস্তাটি সমানতরাল করে পিচ ডালাই না করায় কাঁচামাটির বানকাইস এলাকায় সড়কটি বর্ষার এই সময়টাতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঝুঁকি নিয়েই গণপরিবহনগুলো রাস্তাটি দিয়েই যাত্রী নিয়ে ছুটে যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে। ব্যবসা বানিজ্য এবং কর্মজীবিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এইরুটে নিয়মিত চলাচল করতে গিয়ে নানান ধরনের ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ব্যবস্ততম এই সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তগুলোতে বৃষ্টির সময়ে পানি জমে সড়কটি ভেঙ্গে যাচ্ছে। পুরো রাস্তায় ব্যাপক খানাখন্দ আর বানকাইস এলাকায় বণ্যায় ক্ষতিগ্রস্ত স্থানে মাটি ভরাট করা সড়কটি দিয়ে যান চলাচল এখন বেশ ঝুঁকিপূর্ন। বৃষ্টি হলেই সড়কটি দিয়ে যাতায়াতে ভোগান্তি বেড়ে যাচ্ছে। তবুও রাস্তাটি সংস্কারে এগিয়ে আসছেনা। সড়কটি দ্রুত মেরামত করার দাবি জানিয়েছে পরিবহন চালক, যাত্রী এবং স্থানীয়রা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাস্তাটির সাতুল্লাহ হতে পাঁচগাঁও ইউনিয়নের শেষ সীমানা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর ব্যাপক খানাখন্দ চোখে পড়েছে। পাঁচগাঁও ইউনিয়নের শেষ সীমানা ঘেষা লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের বানকাইছ তিন রাস্তার মোড়ে বন্যায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া সড়কটি মাটি দিয়ে ভরাট করা হয়েছে। সেখানে পিচ ঢালাই না করায় মাটির সড়কটি খানাখন্দে ভরে গেছে। অনেকটা ঝুঁকি নিয়েই সব ধরনের পরিবহনগুলোকে এই রাস্তাটি দিয়ে বিভিন্ন স্থানে ছুটে যেতে দেখা গেছে।
এলজিইডির টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শাহ মোয়াজ্জেম চমক নিউজকে বলেন, রাস্তাটি ২ বছর আগে সংস্কার করা হয়েছিলো। কিন্তু গেলো বছর বন্যার কারনে রাস্তাটির বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি লৌহজং উপজেলার বানকাইস এলাকায় রাস্তাটির প্রায় ১ শ মিটার সড়ক বন্যার পানিতে বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে মাটি ভরাট করে যান চলাচলের উপযোগী করা হয়েছে।
তিনি আরো বলেন, সাতুল্লাহ হতে পাঁচগাও হয়ে বানকাইস পর্যন্ত এই রাস্তাটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠিয়েছি। প্রস্তাবটি অনুমোদন হয়ে আসলে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে রাস্তাটিতে সংস্কার কাজ শুরু করা হবে।
স/এষ্

