ঝিনাইদাহ প্রতিনিধি : জেলা শহর ঝিনাইদহের “ট” বাজারে বিষমুক্ত, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যসামগ্রী বাজারজাতকরণের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১.০০টায় শুভ উদ্বোধন হলো “লোকজ বাজার” আউটলেটের ২য় শাখা।
ঝিনাইদহ পৌরসভার মেয়র জনাব সাইদুল করিম মিন্টু প্রধান অতিথি হিসেবে উক্ত আউটলেটের শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহাবুবুর রহমান শেখর, পৌর কমিশনার, ঝিনাইদহ; ইসরাইল হোসেন, সদস্য সচিব, নির্বাহী পরিষদ, উন্নয়ন ধারা; ডাঃ মো: মসিউর রহমান, নির্বাহী পরিচালক, উন্নয়ন ধারা এবং খুরশীদ আলম রুবায়েত, সভাপতি, স্বাধীন কৃষক সংগঠন কেন্দ্রীয় কমিটি।
এছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: মনোয়ার হোসেন মন্টু, সহ-সাধারণ সম্পাদক মো: মতিয়ার রহমান এবং ট বাজার মালিক সমিতির সম্পাদক সহ অন্যান্য দোকান মালিকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রেতা সাধারণ। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন লোকজ বাজার-এর মার্কেটিং কোর্ডিনেটর মো: আছির আহ্নাফ আকিফ।
আউটলেট উদ্বোধনে মেয়র ভোক্তাদের উদ্দেশ্যে বলেন, অনিরাপদ, অস্বাস্থ্যকর ও ভেজাল খাবার গ্রহণের কারণে মানুষ ভুগছে বিভিন্ন রোগে এবং আয়ের একটি বড় অংশ ব্যয় হচ্ছে চিকিৎসার জন্য। তাই সুস্বাস্থ্যের জন্য এবং মেধাসম্পন্ন জাতি গঠনে নিরাপদ খাবার গ্রহণের কোন বিকল্প নাই।
ক্রেতা সাধারণকে লোকজ বাজার হতে উন্নয়ন ধারা ও স্বাধীন কৃষক সংগঠনের যৌথ উদ্যোগে কৃষকদের দ্বারা বিষমুক্ত পদ্ধতিতে উৎপাদিত চাল, ডাল, তেল, আটা, দেশি ফলমূল, শাক-সবজি, দেশি ডিম, মাছ, মাংস, দুধ, ঘি, মধু প্রভৃতি নিরাপদ খাদ্যসামগ্রী ক্রয়ের আহবান জানান।
উল্লেখ্য যে, লোকজ বাজার-এর ১ম আউটলেটটি বাসা-১৭০, রোড-০৫, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ঠিকানায় অবস্থিত যার মাধ্যমে উক্ত এলাকার ভোক্তাগণ বিষমুক্ত ও নিরাপদ খাদ্যসামগ্রী ক্রয় করতে পারবেন।
স/এষ্

