ঝালকাঠি প্রতিনিধি:সুগন্ধা পাড়ে ‘গাঙের জলে জোছনা বিলাস’ কাল বৃহস্পতিবার ৬টা থেকে রাত ১১ পর্যন্ত ঝালকাঠির ডিসি পার্কের সুগন্ধা নদী পাড়ে ভরা জোছনায় বৈঠকী আড্ডা, কবিতা আবৃত্তি আর সুরের মূর্চ্ছনায় আকাশে উড়বে একঝাঁক ফানুস। সুগন্ধার জলে ভাসাবে শিল্প প্রদীপ। জোছনার আলো গায়ে মেখে সাংস্কৃতিক আয়োজনে এক মিলনমেলা জমবে।
শিক্ষা বিষয়ক অনলাইন পত্রিকা দৈনিক শিক্ষা ডটকমের বিশেষ সহযোগিতায় নান্দনিক এ আয়োজন করেছে মুক্তচিন্তার সামাজিক সংগঠন ‘৭১’র চেতনা ’। ঝালকাঠির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও এ অনুষ্ঠানে বিভিন্ন ভাবে সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রমের সাথে রয়েছে। ৫শতাধিক মানুষ অনুষ্ঠানে সমবেত হবে বলে ধারণা করা হচ্ছে।
৭১’র চেতনার সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ মুক্তচিন্তার অনলাইন সংবাদপত্র ঝালকাঠি সময়কে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উচ্চ মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা এবং জাতীয় শক্তি হিসেবে তাদের সংঘবদ্ধ করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে সংগঠনটি দেশব্যাপী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
সম্পূর্ণ অলাভজনক স্বেচ্ছাসেবী এই সংগঠনটির চলমান সাংস্কৃতিক কর্মকান্ডের অংশ হিসেবে দেশের কয়েকটি স্থানে ‘গাঙের জলে জোছনা বিলাস’ শিরোনামে জোছনা উৎসব আয়োজন করার উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানে শ্রেণি পেশার সকল মানুষকে ‘নেমন্তন্ন’ জানিয়েছেন মুক্তচিন্তার সংগঠক মো. বাহাউদ্দিন গোলাপ।
স/এষ্

