রাজধানীর কলাবাগান এলাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বুধবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এই দিন ধার্য করেন।
আদালতে এদিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন ধার্য করেন।
নথি থেকে জানা যায়, গত বছরের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেকসার্কাস রোডের একটি বাড়িতে ইউএসএআইডির সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ওই ঘটনায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় হত্যা মামলা করেন। জুলহাজ বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। জুলহাজের সঙ্গে নিহত তনয় নাট্য সংগঠন লোক নাট্যদলের শিশুসংগঠন পিপলস থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন।
স/শা

