ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জাতীয় প্রেসক্লাবে সাযযাদ কাদিরের জানাজা অনুষ্ঠিত

admin
এপ্রিল ৬, ২০১৭ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

কবি, সাহিত্যিক ও সাংবাদিক সাযযাদ কাদিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেসক্লাবে তার জানাজা হয়। তার লাশ টাঙ্গাইলে নিয়ে যাওয়া হবে বলে এসময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

জানাজা শেষে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব ইবরাহীম হোসেন খান, শিল্পকলা একাডেমির মনিরুজ্জামান, শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক তারিখ সুজাত, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উভয় অংশের নেতারা।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, সাযযাদ কাদির অসম্ভব মেধাবী ছিলেন, তার ভাষাজ্ঞান ছিল উন্নত। ভাষা সাহিত্যে অসামান্য পণ্ডিত ছিলেন তিনি। তিনি একাদারে সাংবাদিক, কবি, সাহিত্যিক ছিলেন। তার আর একটি পরিচয় হলো তিনি মহান মুক্তিযুদ্ধে কাদেরীয়া বাহিনীর সদস্য ছিলেন। তার এভাবে চলে যাওয়া জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।

সাযযাদ কাদির ১৯৪৭ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের মিরের বেতকায় জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন শুরু করেন শিক্ষকতা পেশা দিয়ে। এরপর ১৯৭৬ সালে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করেন সাযযাদ কাদির। ১৯৭৮ সালে যোগ দেন রেডিও বেইজিং-এ। ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত দৈনিক সংবাদ পত্রিকায় যুক্ত ছিলেন।

এরপর ১৯৮৫ সালে থেকে ১৯৯২ সাল পর্যন্ত কাজ করেন আগামী-তারকালোক পত্রিকায় পরবর্তী সময় দৈনিক দিনকালে যোগ দেন। ১৯৯৫ সালে দৈনিক দিনকাল থেকে ইস্তফা দিয়ে যোগ দেন বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটে এবং ২০০৪ সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। সর্বশেষ দৈনিক মানবজমিন পত্রিকায় যুগ্ম সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন সাযযাদ কাদির।

সাযযাদ কাদির শুধুমাত্র কবিতাই নয়, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ-গবেষণা, শিশুতোষ, সম্পাদনা, সংকলন, অনুবাদসহ বিভিন্ন বিষয়ে ৬০টির বেশি গ্রন্থ রচনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে: যথেচ্ছ ধ্রুপদ, চন্দনে মৃগপদচিহ্ন, লাভ স্টোরি, রাজরূপসী প্রেমপাঁচালী, হারেমের কাহিনী, পৃথিবীর প্রিয় প্রণয়ী অপর বেলায়, অন্তর্জাল, খেই, বৃষ্টিবিলীন।

সাযযাদ কাদিরের মৃত্যুতে সারাদেশের সাথে বাংলাদেশ লেখক পরিষদ গভীর শোক প্রকাশ করেছে।

স/ এষ্