জঙ্গিবাদ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জীবনবাজি রেখে একের পর এক সফল অভিযান পরিচলানা করছে উল্লেখ করে পুলিশের মহা পরিদর্শক (আইজি) শহীদুল হক বলেন, ‘যে যাই বলুক আমরা দেশবাসীকে শান্তিতে রাখতে চাই। দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে মাদক ও জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে যুদ্ধ ঘোষণা করেছি।’
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
আইজি শহীদুল হক বলেন, ‘রাজনীতিকদের একটি দল ধন্যবাদ না জানিয়ে উল্টো আমাদের সমালোচনা করছে। এক শ্রেণির লোক আমাদের এ উদ্যোগ ও সফলতাকে ভিন্ন দিকে নিতে চাচ্ছে। ওই শ্রেণি এর আগেও মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে দেশের ক্ষতি করেছে। এখনো তারা দেশের বিরুদ্ধে কাজ করছে। ধর্মকে ব্যবহার করছে।’
এ ব্যাপারে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনাদের কাছে মাদক ও জঙ্গিদের সম্পর্কে যেসব তথ্য আছে তা আমাদের জানান। আপনাদের এসপি, ওসিকে জানান। অবশ্যই আমরা ব্যবস্থা নেব।’
তিনি বলেন, ‘আমরা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষার জন্য কমিউনিটি পুলিশিং করেছি। নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আছে ২ হাজার কিন্তু কমিউনিটি পুলিশিংয়ের সদস্য আছে ৫০ হাজার। আপনাদের সবাইকে নিয়েই কাজ করে দেশ থেকে অপরাধ নির্মূল করতে চাই।’
শহীদুল হক বলেন, ২০১৩ সালে আন্দোলনের নামে কত হত্যা হয়েছে। আমাদের ১৬ পুলিশকে টার্গেট করে হত্যা করা হয়েছে। পৃথিবীর কোথাও কোনো রাজনৈতিক দল পুলিশকে টার্গেট করে হত্যা করেনি। তখন আমরা দ্বিগুণ মনোবল নিয়ে তাদের প্রতিহত করেছি এবং আগামীতেও করবো।
এসময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত নারী আসনের সাংসদ হোসনেনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

