ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা উচ্চ বিদ্যালয়ে সাময়িক বরখাস্তকৃত এক শিক্ষককে বহালের জন্য প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে লাঞ্চিত করার অভিযোগ ওঠেছে স্থানীয় জেএমবি সদস্য সহ কতিপয় ব্যক্তিদের বিরুদ্ধে। শনিবার (৪ মার্চ) বেলা ১১ টায় বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে ওই হামলার ঘটনাটি ঘটে। গৌরীপুর থানার পুলিশ খবর পেয়ে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে অবরুদ্ধ থাকা অবস্থায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের উদ্ধার করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বলেন এই স্কুলের সহকারি শিক্ষক সাহিদা আক্তারকে ১০টি অনিয়মের অভিযোগে ম্যানেজিং কমিটির সর্বসম্মতির সিদ্ধান্তক্রমে গত ২৭ ফেব্রুয়ারী সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকৃত শিক্ষককে পুর্নবহালের জন্য ঘটনারদিন শনিবার ক্লাস চলাকালীন সময়ে ওই শিক্ষিকার স্বামী আব্দুল কাদির, স্থানীয় আল ফারুক ও তার ভাই জেএমবি সদস্য জাকারিয়া আলম টিপন, অপর জেএমবি সদস্য হাবিবুল্লাহ’র নেতৃত্বে ৫০/৬০ জন দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয়ে হামলা চালায়। এসময় তারা আমাকে ও অন্যান্য সহকারি শিক্ষককে বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে লাঞ্চিত করে। অপরদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয় দেখিয়ে জিম্মি করে বরখাস্তকৃত শিক্ষককে পুর্নবহালের জন্য হাতে ব্যানার ধরিয়ে বিক্ষোভ করাতে থাকে। গৌরীপুর থানার পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এটিএম শামছুজ্জামান মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন উল্লেখিত ঘটনার খবর শুনে স্কুলে যাওয়া মাত্রই তাকেও অবরুদ্ধ করে রাখে জেএমবি সদস্যরা। পরে পুলিশের উপস্থিতি ঠের পেয়ে তারা পালিয়ে যায়। গৌরীপুর থানার এসআই শাহজালাল জানান খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এব্যাপারে বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত শিক্ষক সাহিদা আক্তারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। আল ফারুক ফোন রিসিভ করে কোন কথা বলেননি।
স/শা

