গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের ধীতপুুর বাজারে শুক্রবার রাতে প্রতিপক্ষের হামলায় হুমায়ুন কবির মামুন (২৭) ও তার পিতা আবুল হাসিম (৭০) গুরুতর আহত হয়েছেন। তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত মামুন সিধলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।
আহত আবুল হাসিম জানান, মামুন ধীতপুর বাজারে মনোহারি ব্যবসায়ী। ঘটনার সময় সে দোকানে বসে ছিলো। এ সময় একই গ্রামের হোসেন আলীর ছেলে সাদ্দাম হোসেন পূর্বশত্রুতার জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবলসহ মামুনের উপর হামলা চালায়। তিনি ছেলেকে বাঁচাতে গেলে সাদ্দাম তাকেও রামদা দিয়ে কুপিয়েছে। সে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র দলের সাবেক আহবায়ক।
জানা যায়, সাদ্দাম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন গ্রুপের রাজনীতির সাথে জড়িত। অন্যদিকে মামুন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট নুরুল হক গ্রুপের সক্রিয় কর্মী। এ ব্যাপারে সাদ্দামের বক্তব্য পাওয়া যায়নি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার আজকের পত্রিকাকে বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

