গৌরীপুরে গ্রাম পুলিশের বাড়িতে হামলা ও ভাংচুর
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর মাওহা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে ইউনিয়নের বৃ-নহাটা গ্রামে। ঘটনার সময় কলিমউদ্দিন ইউনিয়ন পরিষদের ডিউটিতে ছিলেন।
কলিম উদ্দিন জানান- ২০০৩ সালে একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল রশিদ ও ফজলুল রহমানের কাছ থেকে সাড়ে সাত শতক জমি ক্রয় করেন। এর আগে ১৯৮৫ সালে একই দাগে তাদের সৎ ভাই নুরুল আমিনের কাছ থেকে ২.৫ শতক জমি ক্রয় করেছিলেন । উক্ত জায়গায় তিনি বসত বাড়ি নির্মাণ করেন। কিন্তু জায়গাটি আব্দুর রশিদ গংদের বোন মালেকা, আনোয়ারা, কালেমা ও হামেদা’র নামে বিআরএস ভুক্ত হয়। এ বিআরএস মূলে বোনের সন্তানরা জমির মালিকানা দাবী করেন। এ নিয়ে একাধিকবার শালিস দরবার হলেও কোন সুরাহা হয়নি। এ ব্যাপারে আদালতে মামলাও চলমান রয়েছে।

ঘটনার দিন মালেকার ছেলে রাজিব ও আনোয়ারার ছেলে তারা মিয়ার নেতৃত্বে একদল সন্ত্র্যাসী বসত বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এ সময় কলিমউদ্দিনের মেয়ে শিরিনা আক্তার, হারুনা আক্তার ও শিরিনার দুই বছরের শিশু ইসমাঈল আহত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান- দুপুরে ৮/১০টি মোটরসাইকেল যোগে ২২-২৫ জন সন্ত্র্যাসী এসে বাড়িতে ভাংচুর চালায়।
মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল ফারুক বলেন- জমির বিরোধ নিয়ে তিনি এর আগে শালিস দরবার করেছেন। সর্বশেষ শালিসে কলিমউদ্দিন ১০দিনের সময় নিয়েছিলেন, সময় শেষ হওয়ার আগেই প্রতিপক্ষের লোকজন ভাংচুর চালিয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান- ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স/বি

