শাহ আলম, গোয়াইনঘাট : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোয়াইনঘাটে কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে উপজেলা মৎস্য অফিস।
”মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলা মৎস্য অফিস কার্যালয়ের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার দুপুরে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফিন লিখিত বক্তব্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি জানান, আগামী ১৭ জুলাই বুধবার থেকে ২৩ জুলাই মঙ্গলবার পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে বৃহস্পতিবার বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভার পাশাপাশি উন্মোক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ, শুক্রবার উপজেলার বিভিন্ন হাট বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে ভিডিও প্রদর্শনের মধ্যেমে বর্তমান সরকারের মাছ চাষের অগ্রগতি তুলে ধরা ও শনিবার ফরমালিন বিরোধী অভিযান ও মোবাইলকোর্ট পরিচালনা এবং রোববার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মৎস্য চাষের গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও সোমবার বিভিন্ন হাট বাজারে মৎস্য চাষে আগ্রহী করে তুলতে ভিডিও প্রদর্শন ও মঙ্গলবার আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের মাধ্যেমে এ অধিদপ্তরের কার্যক্রম সম্পন্ন হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড সহকারী শোয়েব আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন প্রমুখ।
স/এস্

