গোয়াইনঘাটে ডাকাত ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
শাহ আলম, গোয়াইনঘাট থেকে
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক ডাকাতি মামলার আসামী কুখ্যাত ডাকাত জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। সে উপজেলার ছোটখেল গ্রামের মৃত আব্দুস শহীদ মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায় গতকাল শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়’র নেতৃত্বে অভিযান চালিয়ে ছোটখেল এলাকা থেকে তাকে আটক করা হয়।
অপরদিকে থানা পুলিশের পৃথক অভিযানে শুক্রবার রাতে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকা থেকে ২১ পিস ইয়াবা বড়িসহ রহমত আলী নামক আরেক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে মোহাম্মদপুর এলাকার ছমেদ আলীর পুত্র।
থানার ওসি মো. দেলওয়ার হোসেন পৃথক অভিযানে ডাকাত ও মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান কুখ্যাত ডাকাত জয়নাল’র বিরোদ্ধে গোয়াইনঘাট থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
স/মা

