তাপস কুমার, নাটোর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা-খাঁকড়াদহ গ্রামে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টা ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ধারাবারিষা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন সরকার ও তার চাচা মোশারফের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে মোশারফের মাথায় টর্চ লাইট দিয়ে আঘাত করা হয়। এতে মোশারফের মাথা ফেটে গেলে তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নেওয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মোশারফের ভাতিজা মৃত আহাদ আলী ওরফে হাদার পুত্র মন্ডল মোঃ হাবিব হাসান তার লোকজন নিয়ে পাল্টা রিপনের বাড়ীতে হামলা করে এবং রিপনের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইলেকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এতে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে রিপন সরকার রবিবার বিকাল ৪টার দিকে গুরুদাসপুর থানায় বাদী হয়ে হাবিব হাসান ও মোশারফসহ ২৫ জনের বিরুদ্ধে ঘরবাড়ী লুটপাট, ভাংচুর ও মোটরসাইকেল পুড়ানোর অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। রিপন আরও জানান, জনৈক গৃহবধু ধর্ষনের চেষ্টা ঘটনায় তদবীর করায় হাবীব-মোশারফরা আমি এবং আমার পরিবারের ওপর হামলা চালিয়েছে।
তবে হাবীব হাসান মোটরসাইকেল পুড়ানো ও গৃহবধু ধর্ষনের অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় আওয়ামীলীগের পদ নিয়ে তার ফুফাতো ভাই রিপনের সাথে কোন্দলের সূত্রপাত ঘটে।
গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। মামলার প্রেক্ষিতে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স/এস্

