গাবতলীর বাস টার্মিনালের যাত্রীদের ঈদযাত্রা শুরু হয়েছে। নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিনবঙ্গের যাত্রীরা। ঈদের ৮ দিন আগে যারা বাসের অগ্রিম টিকেট নিয়েছিলেন বৃহস্পতিবার যাচ্ছেন তারা। বৃহস্পতিবার সকাল থেকেই টার্মিনালে ভিড় দেখা যাচ্ছে।
পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি গাবতলী বাস টার্মিনালের হাদিউজ্জামান মিথুন বলেছেন, বৃহস্পতিবার সকাল থেকে অগ্রিম টিকেটের বাসগুলো যথা সময়ের মধ্যে ছেড়ে যাচ্ছে।
তিনি বলেন, ঈদ উপলক্ষে বৃহস্পতিবার দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছে। সকাল থেকেই বাস টার্মিনালে ভিড় রয়েছে। অনেক সময় রাস্তায় যানজটের কারণে সঠিক সময় টার্মিনালে বাস আসতে সমস্যা হচ্ছে। তবে অন্য কোন সমস্যা হচ্ছে না।
তিনি আরও বলেন, টিকিটের জন্যও কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না যাত্রীদের।
গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, বাসের যাত্রীদের চাপ অনেকটাই বেশি। তাদের নিরাপত্তার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া আছে।
একাধিক পরিবহন সংশ্লিষ্টরা বলেছেন, যারা অগ্রিম টিকেট নিয়ে টার্মিনালে আসছেন। তাদের হাতে টিকিট দেখে যাত্রীদের বাসে বা যাত্রী ছাউনিতে বসতে দিচ্ছি। সেই সাথে যাত্রীরা যাতে কোন প্রকার হয়রানি না হয় সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আমরা পরিবহন সংশ্লিষ্টরা যথেষ্ট সচেতন আছি।

