কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। জেলা থেকে ঘোষিত কমিটি বাতিল করে ২৩ দিনের মাথায় কেন্দ্র থেকে নতুন কমিটি ঘোষণা করার কারণেই তৈরি হয়েছে এ অসন্তোষ।
এ ছাড়া কেন্দ্র ঘোষিত কমিটিতে বিতর্কিতদের পদ দেওয়ার অভিযোগও তুলেছেন অনেকে। তাঁরা বলছেন, নতুন কমিটির সভাপতির ছাত্রত্ব নেই। তাঁর বিরুদ্ধে অর্থসাতের অভিযোগও আছে।
সালাউদ্দিন আহমেদকে সভাপতি ও এস এম সোহেল রানা সৌরভকে সাধারণ সম্পাদক করে গত ২ জুন কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে খুলনা জেলা ছাত্রলীগ।
কমিটি ঘোষণার পর একটি অংশ জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারের বাড়িতে গিয়ে হুমকি দেয়। এর ঠিক ২৩ দিন পর কেন্দ্র থেকে সাত সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। তাতে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয় যথাক্রমে শরীফুল ইসলাম টিংকু ও হাদিউজ্জামান রাসেলকে।
স্থানীয় ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, শরিফুল ইসলাম টিংকু ব্যবসায়ী। তাঁর ছাত্রত্বও নেই। দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। জাতীয় নির্বাচনের কিছুদিন আগে কয়রা এসেছেন।
এ ছাড়া খুলনা নগরের রয়্যাল মোড়ের ‘প্রাইম এডুকেশন কনসাল কোর্স’ ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। গত ৩ জুন ভুক্তভোগীরা এ ঘটনায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেছেন। এ ছাড়া টিংকুর দুলাভাই স্থানীয় ছাত্রদলের সভাপতি।
অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম টিংকু বলেন, ‘আমি মালয়েশিয়ায় পড়াশোনার জন্য গিয়েছিলাম। এখন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ছি। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান।’
জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন জানান, নতুন কমিটির অনেককেই তাঁরা চেনেন না।
স/এষ্

