বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সাবেক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক জনতার ক্রাইম চিফ হাবিবুর রহমানকে হত্যার হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি। হুমকিদাতা হারুন অর রশিদকে দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। মঙ্গলবার ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ার এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, একজন পেশাদার সাংবাদিককে বিভিন্ন মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শনসহ হত্যার হুমকি প্রদান অত্যন্ত নিন্দনীয়। স্থানীয় সন্ত্রাসী হারুন অর রশিদ নানা মাধ্যমে হাবিবুর রহমানকে হুমকি দিয়ে আসছে। এতে তিনি পরিবারসহ আতঙ্কের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে জিডি করা হলেও জড়িতদের এখনও গ্রেফতার না করে পুলিশ যে নিস্ক্রিয়তার পরিচয় দিয়েছে-তা আমাদের উদ্বিগ্ন করেছে।
প্রসঙ্গত, রাজধানীর দক্ষিণখানের ফায়েদাবাদ কেন্দ্রীয় মাদ্রাসার পাশে নুর হোসেনের ভাড়াটিয়া পিতা মৃত হাতেম আলী ও মাতা বানু বেগমের ছেলে হারুন অর রশিদ গত ২৭ ডিসেম্বর থেকে দৈনিক জনতা’র ক্রাইম চীফ ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক নেতা হাবিবুর রহমানকে হত্যার হুমকি দিচ্ছে। যেকোন সময় তাকে হত্যা করা হবে বলে হুমকি উল্লেখ্য করা হয়। এছাড়াও তার চলার পথে সন্ত্রাসীদের দিয়ে পথ অনুসরণ করা হচ্ছে। উক্ত ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে উত্তরখান ও দক্ষিণখান থানায় ২টি জিডি করা হয়েছে। উত্তরখান থানার জিডি নম্বর হচ্ছে ১৬৬৮ তারিখ ২৯ ডিসেম্বর’২০১৮ইং ও দক্ষিণখান থানার জিডি নম্বর হচ্ছে ১৫৯৬ তারিখ ২৯ ডিসেম্বর। উক্ত ঘটনায় এএসআই সুজন ও আবুল কালাম আজাদ তদন্ত করছেন।

