কেন্দুয়ায় পোষাক কর্মীর লাশ উদ্ধার স্বামী পলাতক
কেন্দুয়া প্রতিনিধি– নেত্রকোণার কেন্দুয়ায় সেতু আক্তার শিল্পী (২৫) নামে এক পোষাক কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সেতুর স্বামী ফরিদ উদ্দিন টমাস বাড়ীতে লাশ রেখে পালিয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
খবর পেয়ে বুধবার (৭ এপ্রিল) পুলিশ লাশ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গন্ডা ইউনিয়নের স্বল্প মাইজহাটী গ্রামের রাউফ মিয়ার কন্যা সেতু আক্তার শিল্পীর সঙ্গে ৮ মাস পূর্বে একই গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে ফরিদ উদ্দিন টমাসের বিয়ে হয়। বিয়ের পর ফরিদ উদ্দিন স্ত্রী সেতুকে নিয়ে কাজের সন্ধানে চট্টগ্রাম যান। সেখানে একটি পোষাক কারখানায় চাকরি করেন সেতু আক্তার।
গত ৩ মাস আগে সেতুকে রেখে স্বামী ফরিদ উদ্দিন গ্রামের বাড়ী চলে আসেন। এদিকে এয়েকদিন পূর্বে সেতু আক্তার তার বাবার বাড়ীতে এলে গত মঙ্গলবার (৬ এপ্রিল) ফরিদ উদ্দিন স্ত্রী সেতু আক্তারকে শ্বশুর বাড়ী হতে নিজ বাড়ীতে নিয়ে আসেন।
এই দিন রাতে সেতু আক্তার বমি করতে করতে অসুস্থ্য হয়ে পড়লে স্বামী ফরিদ উদ্দিন গভীর রাতে সেতু আক্তারকে ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেতু আক্তার শিল্পীকে মৃত ঘোষনা করেন। পরে ফরিদ উদ্দিন সেতুর মরদেহ তার বাড়িতে এনে রেখে পালিয়ে যান।
খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান, এস আই মাহবুব, ফরিদ উদ্দিন টমাসের বাড়ী হতে মরদেহ উদ্ধার করে নেত্রকোণা মর্গে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সেতুর পরিবারের পক্ষ হতে এখনও কোন অভিযোগ করা হয়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনী ব্যবস্থা নেওয়া হবে।
স/বি

