কেন্দুয়ায় নেশার টাকা না পেয়ে বাবা-মাকে কুপিয়ে জখম
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় নেশার টাকা না পেয়ে পিতা দ্বীন ইসলাম ও মা কল্পনা আক্তারকে কুপিয়ে মারাত্মক জখম করেছে বখাটে মাদকাসক্ত ছেলে নাসিম ভূঞা (২২)। নাসিম এ বছর ভোকেশনালের এস.এস.সি পরীক্ষার্থীও। পিতা দ্বীন ইসলাম কেন্দুয়া উপজেলার পূর্বরায় গ্রামের মৃত আব্দুল গণির ছেলে এবং স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোতে চাকরি করতেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কান্দিউড়া গ্রামে। স্বজনরা নাসিমকে আটক করে কেন্দুয়া থানা পুলিশের হাতে সোপর্দ করেন এবং আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই দম্পতি।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার এসআই শফিউল আলম জানান, মাদকাসক্ত ছেলে নাসিম বাবা-মার কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে মঙ্গলবার গভীর রাতে বাবা-মাকে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে নাসিমকে আটক করে আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে আহত দ্বীন ইসলামের বড় ছেলে হৃদয় ভূঞা সুলতান বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা করেছেন।
স/বি

