কেন্দুয়ায় কোটি টাকার মাছ মরে ভেসে উঠল ফিসারীতে
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় ২৫ একরের লীজকৃত একটি ফিসারীতে কোটি টাকার মাছ মরে ভেসে উঠেছে বলে খবর পাওয়া গেছে। এতে মারাত্মক ক্ষতির সম্মুখিন হয়েছেন লীজ নেওয়া মৎস্য চাষী সাইফুল আলম।
ঘটনাটি ঘটেছে রোববার (২৮ আগস্ট) উপজেলা চিরাং ইউনিয়নের চিরাং বাজার সংলগ্ন মৎস্য ফিসারীতে। খবর পেয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফিসারীর মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে চিরাং ইউনিয়নের চিরাং বাজার সংলগ্ন ভাগাইট্যা এলাকার ২৫ একরের একটি বড় ফিসারী ৩ বছরের জন্য ৫৭ লাখ টাকায় লীজ নেন উপজেলার রোয়াইলবাড়ী গ্রামের সাইফুল আলম। তিনি প্রায় ২ কোটি টাকার দেশীয় প্রজাতির (পাবদা, গুলসা ইত্যাদি) মাছ চাষ করেছিলেন। আগামী কিছুদিন পরেই মাছগুলো বিক্রি করা হতো। কিন্তু রোববার (২৮ আগস্ট) ভোর বেলায় দেখেন প্রচুর মাছ মরে ভেসে উঠছে।
এতে কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হবে বলে তিনি ধারণা করছেন। এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলম জানান, এটি অক্সিজেন স্বল্পতার জন্য হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩শ মন মরামাছ উঠিয়ে বিক্রির জন্য পাঠানো হয়েছে। কারণ হিসাবে বলেন, অক্সিজেনের পরিমাণ যেখানে ৫ পয়েন্ট থাকার কথা সেখানে পেয়েছি ২.৮ পয়েন্ট। ফলে অক্সিজেন স্বল্পতার জন্যই মাছগুলো মরে ভেসে উঠছে।
স/বি

