কেউ ধাক্কা দিয়ে আওয়ামীলীগকে ফেলে দিতে পারবে না: ওবায়দুল কাদের
কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ : বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামীলীগ হচ্ছে বটবৃক্ষ। এই বটবৃক্ষকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিবে?
রোববার বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
ওবায়দুল কাদের বলেন, আজকে বিদেশি দূতাবাস সহিংসতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে, উদ্বেগ প্রকাশ করে। পুলিশের ওপর যখন হামলা হয়, মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে তখন কোথায় যায় মানবাধিকার? কিসের মানবাধিকার!
”আপনার দেশে প্রতিদিন নারী ধর্ষিত হচ্ছে। যখন ফিলিস্তিনে সাংবাদিককে হত্যা করা হয় তখন কি মানবাধিকার লঙ্ঘন হয় না। প্রতিদিন ফিলিস্তিনে রক্ত ঝড়ছে, লাশ নিয়ে মিছিল করেছে তারা। আপনারা কিছু করতে পারছেন? পারেন নাই।”
প্রায় আট বছর পর আজ মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এদিকে সম্মেলনকে ঘিরে জেলা মানিকগঞ্জ শহরের বাসষ্ট্যান্ড থেকে বেউথা, শহীদ রফিক সড়ক সহ সাতটি উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে দুটি পদে অংশগ্রহনকারী প্রার্থীদের ছবি সংবলিত প্রায় অর্ধশতাধিক গেট ও শতশত ব্যানার ফেস্টুনে ভরা ছিলো।
দলীয় কার্যালয় সুত্রে জানা গেছে, গত ২০১৫ সালের ১৭ জানুয়ারী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দলীয় গঠনতন্ত্র অনুসারে তিন বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনা সহ নানা কারনে আট বছর পার হয়ে গেলেও তা করা হয়নি।জাতীয় নির্বাচনের এক বছর আগে রবিবার অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আগামী তিন বছরের জন্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহিউদ্দিনকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা দেয় ওবায়দুল কাদের।
স/অ

