কুড়িগ্রামে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতের দিকে রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে বিএসএফের গুলিতে হাসিনুর রহমান ওরফে ফকিরজান (২৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত হাসিনুর রহমান উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের বাসিন্দা আবুল হোসেনের পুত্র। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সে আন্তর্জাতিক সীমান্ত ১০৬২/৩এস পিলার দিয়ে ভারত থেকে গরু আনতে যায়।
এ সময় আসাম রাজ্যের হাটশিংমারী জেলার মাইনকারচর থানার কসুনিমারা ক্যাম্পের বিএসএফ-৬ ব্যাটালিয়নের সদস্যরা ওউ যুবকের বুকে ও পেটে গুলি করে। পরে রাতেই তার সহকর্মীরা আহতাবস্থায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে আসে।
নিহত হাসিনুর রহমানের নামে একাধিক মাদক মামলা রয়েছে বলেও একটি সূত্র নিশ্চিত করেছে।
এ ঘটনায় জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একে আজাদ “আমি কিছুই জানিনা” বলে মন্তব্য করেন।
স/এষ্

