কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে স্থল বন্দর বাস্তবায়নের দাবিতে দৌলতপুর স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় আল্লারদর্গায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দৌলতপুর স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খন্দকার আব্দুল্লাহেল বাকী। এসময় দৌলতপুর স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্থল বন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি নাসির উদ্দিন মাষ্টার সংবাদ সম্মেলনের সার্বিক বিষয় তুলে ধরে বলেন, কুষ্টিয়ার প্রস্তাবিত প্রাগপুর স্থল বন্দর হলে বেনাপোল স্থল বন্দরের তুলনায় ঢাকার সঙ্গে কলকাতার দুরুত্ব কমে আসবে। তিনি বলেন, প্রস্তাবিত প্রাগপুর স্থল বন্দরের বিপরীতে নিউ শিকারপুর থেকে কলকাতা পর্যন্ত উন্নত সড়ক যোগাযোগ রয়েছে। আবার এপারে প্রাগপুর হয়ে ঢাকা যাওয়ার সড়ক ব্যবস্থাও বেশ ভালো। নাসির উদ্দিন মাষ্টার বলেন, এখানে স্থল বন্দর হলে অনেক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি ঢাকা-কলকাতা যাতায়াতে সুবিধা হবে।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, দৌলতপুর স্থলবন্দর বাস্তবায়ন কমিটির ১৩ জন সদস্য ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ভারত সফর করেন। বাংলাদেশের প্রাগপুর সীমান্তে স্থলবন্দর বাস্তবায়নের গ্রহণযোগ্যতা তুলে ধরে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার বি,ডি,ও শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত, এমএলও শ্রীমতি মহুয়া মৈত্র, মুর্শিদাবাদ জেলার এমএলএ ফিরোজা বেগম, এমপি বদরুদ্দোজা খাঁন, প্রদেশ কংগ্রেস সভাপতি সংসদ সদস্য শ্রী অধির রঞ্জন চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের সাথে স্বাক্ষাত করেন এবং বাংলাদেশের প্রাগপুর সীমান্তে স্থলবন্দর নির্মিত হলে দুই দেশের সুযোগ সুবিধা বৃদ্ধি ও ব্যবসা বানিজ্যের প্রসারসহ স্থলবন্দরের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে বাংলাদেশের প্রাগপুর ও ভারতের নিউশিকারপুরে স্থলবন্দর হলে ঢাকা কলকাতার দুরত্ব কমবে বলেও তাদের অবগত করান স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন মাষ্টার। স্থল বন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন
উল্লেখ্য প্রাগপুর সীমান্তে স্থলবন্দরের বিষয়ে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী জাতীয় সংসদে উত্থাপন করে প্রধানমন্ত্রীসহ সকলকে অবগত করান।
স/এষ্

