মেজবা উদ্দিন পলাশ -কুষ্টিয়া
কুষ্টিয়ায় সাগর সাহা (১৯) নামে এক কলেজছাত্রকে অপহরণ করেছে দুর্বত্তরা। তার মুক্তির বিনিময়ে পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা হয়েছে। এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি তবে বিষয়টিকে খুব গুরুত্বসহকারে প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ের বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাগর বাড়ি থেকে বের হওয়ার পর অপহরণ হন।
সে সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ব্যবসায়ী প্রদীপ সাহার এবং স্থানীয় খাতের আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এদিকে ছেলের অপহরণের ঘটনায় মা অর্চণা সাহা অসুস্থ হয়ে পড়েছেন। সাগর সাহার মা অর্চণা সাহা জানান, বুধবার সন্ধ্যায় বাজার করার জন্য বাইসাইকেল নিয়ে পার্শ্ববর্তী হরিনারায়ণপুর বাজারে যান ছেলে সাগর।
এর পর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে রাতে একটি মোবাইল ফোন থেকে ফোন করে বাবা প্রদীপ সাহাকে জানানো হয় তার ছেলেকে অপহরণ করা হয়েছে। ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চাইলে ৫০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে বলেও ফোনে জানান ওই অজ্ঞাত ব্যক্তি। পরে বৃহস্পতিবার ফোন করে মুক্তিপণের পরিমান কমিয়ে ৩০ লাখ টাকা চায় দুর্বত্তরা।শুক্রবার রাত ১২টার মধ্যে এ টাকা না দিলে সাগরকে মেরে লাশ গুম করে ফেলা হবেও বলেও ফোনে হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় প্রদীপ সাহা বাদি হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি অপহরণ মামলা করেছেন। ফোনে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ জানান, পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। বিষয়টি খুব গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অপহৃত কলেজ ছাত্রের সন্ধানে প্রশাসনেরে ঊর্ধ্বতন পর্যায়ে কাজ করছে।
স/মা

