কিশোরগঞ্জে জলমহালে বাঁধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে
৩ ভাই সহ ৫ জন নিহত ॥ আহত অর্ধশতাধিক
কিশোরগঞ্জ প্রতিনিধি:
মিঠামইন উপজেলায় জলমহালে একটি বাঁধ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে তিন ভাইসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও অর্ধশতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ঢাকি ইউনিয়নের চারিগ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, আব্দুল আজিজের তিন ছেলে মোঃ ফরদিস মিয়া (৫০), মাখন মিয়া (৪৫), মাসুম মিয়া (৩৫), সুমন মিয়ার ছেলে রাজিব (৩২) ও আয়ুব রেজার ছেলে মকবুল (৩২)।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানায়, উপজেলার চারিগ্রামে হাওরের মধ্যে একটি জলমহাল দখলকে কেন্দ্র করে সুলেমান ভূঞা ও মাসুমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সুলেমান ভূঞা ও মাসুম মিয়ার লোকজন ওই জলমহালে বাঁধ দিতে যায়। এসময় দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মাসুম পক্ষে মাসুমসহ তার আরো দুই ভাই মাখন ও ফরদিস মিয়া নিহত হয়। এ ঘটনায় আরো অন্তত অর্ধশতাধিক আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
মিঠামইন থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবারও সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় পরিস্থিতি থমথমে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ও এলাকার শান্তি শৃংখলা রক্ষার্থে কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ প্রেরণ করা হয়েছে।
স/মা

