কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় কালে এমপি আনার
অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঠিক সংবাদ লিখতে হবে
ঝিনাইদহ প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেছেন, অসহায়, নিপীড়ন ও হয়রানীর শিকার ব্যক্তিদের শেষ আশ্রয়স্থল হলো সাংবাদিকবৃন্দ। মানুষ যখন কোন কুল না পায় তখন তারা সাংবাদিকদের কাছে ছুটে আসে। তাই সঠিক তথ্য প্রমান নিয়ে আপনারা সংবাদ লিখে তাদের পাশে দাঁড়াবেন। বর্তমান সময়ে থানা পুলিশ আইনকানুন উপেক্ষা করে সাধারণ মানুষকে ধরে এনে নানাভাবে হয়রানী করছে। তিনি বলেন, ভয় পেলে চলবে না। আপনারা তাদের বিরুদ্ধেও খবর পরিবেশন করবেন। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। শুধু থানা পুলিশ নয় যদি আমি বা আমার দলের কোউ কোন অপরাধ করে তাহলেও আপনারা খবর লিখবেন।
তিনি থানা পুলিশের কর্মকা-ের ভুমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, পুলিশের বিষয়ে কোন কেউ কথা না বললে তারা ভুল করেই যাবে। আর সাধারন মানুষ হয়রানী ও ক্ষতির শিকার হবে। এসব বিষয় নিয়ে কয়েকদিন আগে তিনি ওসিসহ সকল পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় করেছেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বস্তুনিষ্ঠু ও তথ্য ভিত্তিক সংবাদ লিখলে অবশ্যই প্রতিকার হবে সাধারন মানুষ হয়রানী থেকে রক্ষা পাবে। যে সাংবাদিক ভাই সৎ সাহস দেখাবেন আমি তাদের পাশে থাকবো। মঙ্গলবার রাতে মোবারকগঞ্জ সুগার মিল গেষ্ট হাউজে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিমকালে তিনি এসব কথা বলেন। তিনি কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।
মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, সহ-সভাপতি কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাবিব ওসমান, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, কোষাধ্যক্ষ বেলাল হুসাইন বিজয়, অফিস সম্পাদক ফিরোজ আহম্মেদ, প্রচার সম্পাদক আরিফ মোল্ল্যা, কার্যকরী সদস্য কালাম গাজী প্রমুখ।
স/মা

