ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রায় তিন শতাধিক এতিম, হাফেজ, মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিদের খাওয়ালেন সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বিজু। এ উপলক্ষে ১৫ আগস্ট আড়পাড়াস্থ নিজ বাস ভবনে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন খতম ও দোয়া মাহফিলের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাবেক ছাত্র লীগ সভাপতি ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা করেন।
আলোচনা সভায় বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িত যেসব ব্যক্তি দেশের বাইরে অবস্থান করছেন তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারের দাবি করেন। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, কয়েকটি এতিমখানার এতিম, হাফেজ, ধর্মপ্রাণ মুসল্লি, এলাকার গন্যমান্য ব্যক্তিসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ দলীয় নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
অপর দিকে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সমর্থক ও সাবেক এমপি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান সমর্থকরা পৃথকভাবে পৃথক স্থানে আলোচনা ও র্যালী করে। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়। উভয় অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
স/মা

