স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সদ্য সাবেক হেড কোচ স্টিভ রোডসের সাথে খেলোয়াড়দের দূরত্ব ছিল বেশি। যার কারণে বিশ্বকাপের পরেই বিদায় নিতে হয় এই ইংলিশ কোচকে। নতুন নিয়োগ পাওয়া হেড কোচ রাসেল ডমিঙ্গো ও বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্টের নতুন চ্যালেঞ্জ হতে পারে এটি।
যদিও রাসেল ডমিঙ্গো এটি নিয়ে বেশ সতর্ক ও আশাবাদী। দূরত্ব কমানোর ভাবনা নিয়েই এসেছেন তিনি। একই মনোভাব নতুন বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্টেরও।
কালচারাল মিসম্যাচের শঙ্কা প্রবল ভাবে আছে ডমিঙ্গোকে নিয়েও। কোচ হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলেও উপমহাদেশ তো বহুদূর, দক্ষিণ আফ্রিকার বাইরে কখনও কাজের অভিজ্ঞতা নেই তার। এই দেশের সামাজিকতা, সংস্কৃতি, সবচেয়ে বড় ব্যাপার, এখানকার ক্রিকেট সংস্কৃতির সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিন্দুমাত্র মিলও নেই। এসব তাই তার জন্য বড় এক ধাক্কা হয়ে আসতে পারে।
বাংলাদেশে আসার পর ডমিঙ্গোর প্রথম সংবাদ সম্মেলনে এই প্রশ্ন ছিল অবধারিতই। নতুন কোচ শোনালেন, এই দূরত্ব দূর করতে তার নিজের ভাবনা।
হেড কোচ ডোমিঙ্গো বলেন, “আমি যেভাবে ভাবি, আমরা এখানে দুনিয়া বদলে দিতে আসিনি। আমরা সব সময়ই জানি, উপমহাদেশে ক্রিকেটটা কিভাবে খেলা হয়ে আসছে। বাংলাদেশের ক্রিকেটকে আমাদের মতো করে তোলার আশা আমরা করতে পারি না। আমাদেরই এখানকার ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে।”
তিনি বলেন, “আমাদের ধরন, পদ্ধতি এখানকার ক্রিকেট সংগঠক, ক্রিকেটারদের মধ্যে কিভাবে কাজ করে, সেটি বের করতে হবে আমাদেরকেই। এখানকার সংস্কৃতিতে মানিয়ে নিতে হলে আমাদেরকেই বদলাতে হবে।”
কিছু দিন আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করায় উপমহাদেশের সংস্কৃতির স্বাদ খানিকটা পেয়েছেন বাংলাদেশের নতুন বোলিং কোচ ল্যাঙ্গাভেল্ট। তবে সেটি ছিল স্বল্প মেয়াদের দায়িত্ব। সেভাবে আফগানিস্তানে থাকতেও হয়নি তাকে। এবারের চ্যালেঞ্জ আরও বড়।
নতুন কোচের মতো বোলিং কোচও ভেবেছেন এটি নিয়ে। নিজের মতো করে এগোতে চান তিনিও।
“আফগানিস্তানের সঙ্গে কাজ করায় কিছুটা অভিজ্ঞতা আমার আছে। কাজটা খুব কঠিন নয় (মানিয়ে নেওয়া)। এখানকার আবেগের তীব্রতা অবশ্যই আমাদের জন্য নতুন, দক্ষিণ আফ্রিকায় আমরা এতটা দেখি না। তবে এখানকার সংস্কৃতিতে মানিয়ে নেওয়া কঠিন হবে না।”
“মূল ব্যাপারটি হলো ক্রিকেটারদের সামলানো, তাদেরকে জানা, কথা বলা। যতটা কঠিন বলা হয়, কাজটা তত কঠিন নয়। এখানে আবেগের মাত্রা বেশি, সেটির সঙ্গে আমাদের মানিয়ে নিতেই হবে।”
স/এন

