ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী এক নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। সোমবার বেলা ১১টার দিকে তাকে তলুইগাছা বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃত নাগরিক হলো- কক্রবাজার জেলার কুতুবদিয়া থানার গনাপাড়া গ্রামের আরব দাশের ছেলে মিন্টু দাশ (৩০)। তলুইগাছা বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ওই বাংলাদেশী নাগরিক কয়েকদিন আগে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের আমাদিয়া বিএসএফ ক্যাম্প এলাকায় ঘোরাফেরা করছিলো। এসময় টহলরত বিএসএফ তাকে আটক করে তলুইগাছা সীমান্তের বিজিবি’র নিকট পত্র প্রেরণ করেন। বিএসএফের আহবানে সাড়া দিয়ে তলুইগাছা সীমান্তের চারাবাড়ি মেইন পিলার ১৩/২এস আরবি নিকট দু’দেশের সীমান্ত পর্যায়ে পতাকা বৈঠকে মিলিত হন। বৈঠকে তলুইগাছা ক্যাম্পের সুুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি’র ৬ সদস্য ও ভারতীয় আমাদিয়া ক্যাম্পের ইনচার্জ ভিন্দেশ্বর সিংহের নেতৃত্বে বিএসএফ’র ৬ সদস্য’র প্রতিনিধি দল শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে বাংলাদেশী নাগরিককে বিজিবি’র নিকট হস্তান্তর করে। পরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে তলুুইগাছা ক্যাম্পের হাবিলদার জাকির হোসেন বাদি হয়ে পাসপোর্ট আইনে থানায় একটি মামলা (নং (৫৩) ২৯/৫৫/১৭) দায়ের করেন।
স/এষ্

