ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কম্বোডিয়ার শহিদদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

admin
ডিসেম্বর ৩, ২০১৭ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কম্বোডিয়ার স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশটির শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের প্রথম দিন রোববার বিকেলে দেশটির স্বাধীনতা স্মৃতিসৌধে যান প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণের পর গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেয় এবং এ সময় বিউগলে বেজে উঠে করুণ সুর।

এরপর প্রধানমন্ত্রী কম্বোডিয়ার রাজা নরোদম সিহানুকের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেশটির সশস্ত্র বাহিনীর একটি দল প্রধানমন্ত্রীকে এসময় গার্ড অব অনার প্রদর্শন করে।

এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা ও প্রধানমন্ত্রীর অন্যান্য সফর সঙ্গী উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা এরপর তুল সেলং জেনোসাইড মিউজিয়াম পরিদর্শন করেন। নমপেনের কেন্দ্রস্থলে এ জাদুঘরের বিভিন্ন অংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ঘুরে দেখেন শেখ রেহানা। সেখানে তারা খেমার রুজ শাসনের নৃশংসতার সাক্ষ্য প্রত্যক্ষ করেন। জাদুঘরের পরিচালক চিহে ভিসথ তাদেরকে বিভিন্ন বিষয়ে ব্রিফ করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব এম শহিদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন।

১৯৫৩ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের স্মারক হিসেবে ১৯৫৮ সালে কম্বোডিয়ার রাজধানী নমপেনে স্বাধীনতা স্মৃতিসৌধ নির্মিত হয়। এর নকশা করেন দেশটির স্থপতি ভ্যান মলিভান।

দেশটির গণহত্যা জাদুঘর এক সময় ছিল মাধ্যমিক বিদ্যালয়। এটি ১৯৭৫-৭৯ সাল পর্যন্ত খেমার রুজ শাসনকালে কুখ্যাত সিকিউরিটি ডিভিশন ২১ (এস-২১) ব্যবহার করে। ‘তুল সেলং’ অর্থ হচ্ছে ‘হিল অব দ্য পয়েজনাস ট্রিজ’ বা স্ট্রিচিনিন হিল। এটি ছিল খেমার রুজের কমপক্ষে ১৫০টি মৃত্যুদণ্ড কেন্দ্রের একটি। ২০১০ সালে কম্বোডিয়ার একটি বিশেষ আদালত মানবতাবিরোধী অপরাধ ও ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন লঙ্ঘনের দায়ে তুল সেলং কারাগারের প্রধান কাইং কেক ইউকে অজীবন কারাদণ্ড প্রদান করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে ৩ দিনের সফরে রোববার দুপুরে নমপেন পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় নমপেন বিমানবন্দরে পৌঁছায়।

এ সময় কম্বোডিয়ার নারী বিষয়ক মন্ত্রী ইং কান্থা পাভি, পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট ইতা সোফিয়া, বাংলাদেশে কম্বোডিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত পিচকুন পানহা এবং থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও কম্বোডিয়ায় অ্যাক্রেডিটেড রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে নমপেন বিমানবন্দর ও নগরীর বিভিন্ন সড়ক বাংলাদেশ ও কম্বোডিয়ার পতাকা ও দু`দেশের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে সাজানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এর আগে দুই নেতা একান্ত বৈঠক করবেন।

সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফরে দু’দেশের মধ্যে ১১টিরও বেশি ইন্সট্রুমেন্ট, দুটি চুক্তি এবং ৯টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া ঢাকা ও নমপেনের দুটি গুরুত্বপূর্ণ সড়ক দু`দেশের জাতির পিতার নামে নামকরণের ঘোষণা দেয়া হবে। সফর শেষে ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

স/এষ্