ঢাকামঙ্গলবার , ২৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কঠিন কিন্তু অসম্ভব নয়

admin
এপ্রিল ২৫, ২০১৭ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ঘরের মাঠে ইংল্যান্ড যে কতটা ভয়ঙ্কর, তা নতুন করে বলার কিছু নেই। অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই— যেন ক্রিকেটে সম্রাট! আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিছুদিন আগেই একসঙ্গে তিন ফরম্যাটে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এমন শক্তিশালী দলের গ্রুপে থেকেও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে স্বপ্ন দেখছেন মাশরাফি বিন মর্তুজা। টাইগার ক্যাপ্টেনের ভাষায়—কাজটি কঠিন কিন্তু অসম্ভব নয়!

বাংলাদেশ ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। সেখানে কিন্তু গ্রুপ পর্বে ইংল্যান্ডকে বিদায় করে দিয়েই শেষ আটে জায়গা করে নিয়েছিল টাইগাররা। তা ছাড়া ইংলিশদের এই কন্ডিশনেই তাদেরকে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। নেটওয়েস্ট সিরিজে ২০১০ সালে ব্রিস্টলে ৫ রানে পাওয়া সেই জয় এখনো এদেশের ক্রিকেটপ্রেমীদের রোমাঞ্চিত করে। এই সিরিজে কার্ডিফে অস্ট্রেলিয়াকেও হারিয়েছিল বাংলাদেশ। তাই স্বপ্ন দেখতেই পারে টাইগাররা। তবে সে স্বপ্ন কতটা বাস্তব সম্মত? মাশরাফি বলেন, ‘বাস্তবতার দৃষ্টিতে বললে, এটা খুব কঠিন সফর হতে যাচ্ছে। প্রতিপক্ষ যারা আছে, তাদের দিকে তাকালে মনে হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি এতো সহজ হবে না। কিন্তু, বলাও যায় না; আমরা ওই কন্ডিশনে ইংল্যান্ডকে দুই বার হারিয়েছি। কার্ডিফে একবার অস্ট্রেলিয়াকেও হারিয়েছি। যদিও এগুলো ইতিহাস, তবে আমার কাছে এখনো মনে হয় এটা সম্ভব। আমরা কিভাবে মানসিক প্রস্তুতি নেব, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আমরা যদি মানসিকভাবে প্রস্তুত না হতে পারি, তাহলে ২০-২৫ দিনের প্রস্তুতি ক্যাম্পও তেমন একটা কাজে দেবে না। ’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আগে বাংলাদেশ ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে। তারপর আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজে অংশ নেবে। স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও অন্য দলটি হচ্ছে— নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবেই ক্যাম্প ও ত্রিদেশীয় সিরিজ কতটা গুরুত্বপূর্ণ? মাশরাফি বলেন, ‘ক্যাম্পটা তো প্রস্তুতি। আয়ারল্যান্ডে তো পূর্ণাঙ্গ সিরিজ হচ্ছে। শুনেছি আয়ারল্যান্ডে এখনো শীত। আর ইংল্যান্ডে মাত্র গ্রীষ্ম শুরু হয়েছে। সুতরাং আমার মনে হয়, দুই রকম আবহাওয়ায় উইকেটের আচরণও দুই রকম হতে পারে। এর আগে ১০-১২ দিনের ক্যাম্পটা আমাদের খুব কাজে লাগবে। কয়েকটা প্রস্তুতি ম্যাচ এবং আন্তর্জাতিক ম্যাচ প্রস্তুতির দিক থেকে বলবো যে, আমরা যদি খুব ভালোভাবে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসটা ঠিকঠাক রাখতে পারি, তাহলে আশা করি ভালোই হবে। ’ আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ সম্পর্কে মাশরাফি বলেন, ‘অবশ্যই জেতার লক্ষ্য থাকবে, আমি জানি না কে কী বলবে। আমার কাছে মনে হয়, জেতার জন্যই খেলতে হবে। ওইখানে জিততে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছুর সুযোগ তৈরি হবে। না হলে, চাপ বেড়ে যাবে। আমার কাছে মনে হয়, মানসিক প্রস্তুতিটা ভালো না হলে সব কিছুই কঠিন হয়ে যাবে। ’

ত্রিদেশীয় সিরিজে পুরো শক্তির নিউজিল্যান্ড দল খেলছে না। আর আয়ারল্যান্ড তো র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে। তবে ফেবারিট কেন? মাশরাফির দাবি, ‘এখানে তো ফাইনাল নাই, ফেবারিটের প্রশ্ন আসছে না। সেখানে চারটা ম্যাচ আছে। ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ। র‌্যাঙ্কিংয়ের দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আন্তর্জাতিক ম্যাচ জিতলে আত্মবিশ্বাস ভালো থাকবে। এভাবে আমি দেখছি। ’

আজ রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন টাইগাররা। এই সফরের পূর্বে সতীর্থ ও দলের প্রতি মাশরাফির আহ্বান, ‘পুরো দলেরই যেটা থাকা উচিত, সেটা হলো মানসিকভাবে দ্রুত রেডি হওয়া। আমার কাছে মনে হয় না ২০-২৫ দিনের প্রস্তুতি নিয়ে আমরা সেখানে চ্যাম্পিয়ন হয়ে যাব। আমরা যদি মানসিকভাবে প্রস্তুত হতে পারি, তাহলে আমরা অনেক দূর যেতে পারবো। এখানে মানসিক যুদ্ধটা অনেক গুরুত্বপূর্ণ। বড় বড় দলের বিপক্ষে তাদের কন্ডিশনে খেলা; কিছুটা শীত থাকবে, গ্রীষ্মের শুরু যেহেতু। কাজটা সহজ হবে না। ওরা যতোটা সহজে পারবে, আমরা তা পারবো না। আমাদের কষ্ট দ্বিগুণ হবে। সুতরাং আমার কাছে মনে হয়, আমরা যদি সুস্থ থাকি এবং লড়াইয়ের মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি, তাহলে আশা করি ভালো খেলা হবে। ’

স/এষ্