এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি
-এম.পি অসীম কুমার উকিল
আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ– বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নেত্রকোণা-৩ (আটপাড়া- কেন্দুয়া-১৫৯) নির্বাচনী আসনের এম.পি অসীম কুমার উকিল বলেছেন বর্তমান সরকারের আমলে শহর থেকে গ্রাম এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
সরকারের সব উন্নয়ন মূলক কর্মকান্ডকে আরো তরান্বিত করতে এবং সমৃদ্ধশালী দেশ গড়তে সকলের সহযোগিতা দরকার। সেই লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আজ রোববার নেত্রকোণার আটপাড়া উপজেলা বঙ্গবন্ধু মোড়াল চত্বরে প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র- নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর সুবিধাভোগীদের মাঝে সংকর জাতের বকনা ও দানাদার খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অসীম কুমার উকিল এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা শেখ হাসিনার নৌকা প্রতীকের ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন বলে আজ আমি এম.পি হিসেবে দায়িত্ব পালন করছি। তাই আমি মনে করি এই এলাকার প্রতিটি সমস্যা আমার নিজের। সুতরাং স্কুল-কলেজসহ যত শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তা ঘাট রয়েছে সে গুলোর যেখানে সমস্যা আমাকে বলবেন।
আমি এলাকার সহযোগিতা নিয়ে সমাধানের জন্য সার্বিক ব্যবস্থা করব। সুবিধাভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্য গনেশ রবিদাস বলেন, আমাকে এম.পি অসীম কুমার উকিল বকনা গরু ও অন্যান্য সামগ্রী তুলে দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক ডা: অসীম কুমার দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: কায়সার জামিল,সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, অফিসার ইনচার্জ জাফর ইকবাল সহ সকল দপ্তরের কর্মকর্তা, সকল ইউ.পি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পৃথক অনুষ্ঠানের মধ্যে উপজেলার আটপাড়া ডিগ্রী কলেজের নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাংসদ অসীম কুমার উকিল।
স/বি

