ইমানুল সোহান, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ হতে সময়োপযোগী নতুন আটটি বিভাগ চালু হতে যাচ্ছে। সোমবার দুপুর আড়াইটায় পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) খন্দকার হামিদুর রহমান স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা যায়।
জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন আটটি বিভাগ চালুর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে নতুন আটটি বিভাগের অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নতুন আটটি বিভাগের মধ্যে আইন ও শরীয়াহ অনুষদের অধীনে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগে ৮০ টি, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ৮০ টি ও সোশাল ওয়েলফেয়ার বিভাগে ৮০ টি আসনে শিক্ষার্থী ভর্তি অনুমোদন দেয়। এছাড়াও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০ টি , ফার্মেসি বিভাগে ৫০ টি ও ইনভাইরোনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগে ৫০ টি ও ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট বিভাগে ৭৫ টি ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে প্রাথমিকভাবে ৭৫ টি আসনে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়া হয়।
অনুমোদন প্রাপ্ত ৪ টি অনুষদের অধীনে ৮ টি বিভাগের মোট ৫৪০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। নতুন ৮ টি বিভাগ অনুমোদন পাওয়ায় এবার ইবিতে মোট বিভাগের সংখ্যা দাঁড়ালো ৩৩ টি। এর মাধ্যমে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা দাঁড়ালো দুই হাজার ২৩৫ টি।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) স্থাপনা পর্যবেক্ষনের জন্য বিশ্ববিদ্যালয়ে আসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ৩ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল।
স/মা

