ইবি প্রতিনিধি-
চরম বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত দুই দিন ধরে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এতে শিক্ষার্থীদের অ্যাকডেমিক কার্যক্রম মারত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জাগা গেছে, দুই দিন ধরে দশ মিনিট অন্তর অন্তর বিদ্যুৎ যাওয়া আসার মধ্যে রয়েছে। গরমে অতিষ্ট হয়ে পড়ছে শিক্ষার্থীরা। ক্লাস, পরীক্ষাসহ বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারগুলো চলমান অবস্থায় বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। স্বাভাবিক কর্মকান্ডে ব্যঘাত ঘটছে বলে অনেক শিক্ষার্থী অভিযোগ করেছে। বিশ্ববিদ্যালয়ের জেনারেটরের ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত সুবিধা দিতে পারছে না। রাতভর বিদ্যুত না থাকায় শিক্ষার্থীরা ঠিকমত পড়াশোনা করতে পারছে না। এতে পরীক্ষা চলমান শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিদ্যুৎ বিভ্রাটের ফলে আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়ে গিয়েছে। এ বিষয়ে হলে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের অনেকরই পরীক্ষা চলছে। কয়েকদিন ধরে রাত-দিন মিলে ২৫ বারের অধিক বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। ফলে আমাদের লেখাপড়ায় চরম ব্যঘাত ঘটছে। আমাদের ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছি। কতৃপক্ষ যেন দ্রুত সমস্যাটি সমাধান করে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী এ. কে .এম. শরীফ উদ্দীন বলেন, ‘কুষ্টিয়া পল্লী বিদ্যুতের নতুন লাইনের কাজ চলছে। ফলে ঝিনাইদহ লাইনে আমরা ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ করেছি। ঝিনাইদহ লাইনে লোড-শেডিং হয়ে থাকে। আশা করছি দুই দিনের মধ্যে সমস্যাটি সমাধান হবে।’
স/এষ্

