ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও রাজনীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক সমিতির আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় বীরশ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের প্রফেসর ড. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড.মোঃ মাহবুবর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন- উর- রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো- ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী। স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন। আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক- কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রো-ভিসি শাহিনুর রহমান বলেন ‘ জাতির পিতা নেতৃত্বের গুনাবলী নিয়ে জন্মগ্রহন করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাঙ্গালীরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে এবং এদেশ স্বাধীন হয়। কিন্তু স্বাধীনতা বিরোধী অপশক্তি বঙ্গবন্ধুকে বেঁচে থাকতে দেয়নি।’
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন- উর- রশিদ আসকারী বলেন ‘ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনগনের প্রয়োজনে, মুক্তির প্রয়োজনে জাতির জনক সবসময় কাজ করে গেছেন। তিনি জীবনে নিজের স্বার্থ হাসিলের জন্য কেনো কাজ করেননি। এসময় ভিসি বঙ্গবন্ধু খুনিদের সব্বোর্চ বিচার দাবি করেন।’
স/মা

