আশুলিয়া থেকে আবুল কাশেমঃ বেঁদে ও হিজড়া সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানের নিরলস প্রচেষ্টায় উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে বেঁদে ও হিজড়া সম্প্রদায়ের জন্য সিলাই প্রশিক্ষণ, বুটিক, ফ্যাশন হাউজ ও বিউটি পার্লারসহ নানা ধরনের কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। তাই ধারাবাহিকতায় উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে সাভারের আশুলিয়ায় অবহেলিত হিজড়া সম্প্রদায়ের উত্তরণ বিউটি পার্লারের শুভ উদ্ধোধন করা হয়েছে। শনিবার সকাল প্রায় ১১টায় আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর মাস্টার প্লাজায় পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তরণ ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান উত্তরণ বিউটি পার্লারের শুভ উদ্ধোধন করেন।
প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত ডিআইজি বলেন, সমাজ উন্নয়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। তাদের নানাভাবে কর্মমুখী করে গড়ে তুলতে হবে। বিশেষ করে বেঁদে ও হিজড়া সম্প্রদায় মানুষ হয়েও মানুষের অধিকার থেকে বঞ্চিত। ফলে সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে বেঁচে থাকার তাগিদে বিভিন্ন অপরামূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে তারা। এজন্য তাদেরকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে ফিরিয়ে এনে আলোর পথ দেখাতে বিভিন্ন ধরনের স্বাভাবিক কর্মসংস্থানের সম্পৃক্ত করা খুবই জরুরী। তাই উত্তরণ ফাউন্ডেশন বিশেষ করে বেঁদেপল্লী ও হিজড়া সম্প্রদায়ের জন্য নানা ধরনের কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহসিনুল কাদির, ধামসোনা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, মাষ্টার প্লাজার চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, বাদশা টাওয়ারের স্বতাধিকরী মোঃ সুলতান, হিজড়া সম্প্রদায়ের শাম্মী, রেবেকা ও রুমিসহ আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
স/এষ্

