কুষ্টিয়া
কুষ্টিয়ার ঝাউদিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টায় সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মধ্যেবাখোল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝাউদিয়া ইউনিয়নের মধ্যেবাখোল গ্রামের মজিবর রহমানের ছেলে বিল্লাল(৩১) ও একই গ্রামের মৃত কলিউদ্দিনের ছেলে এনামুল(৪০)। পুলিশ ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ১০জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাউদিয়া ইউনিয়নের চাপাইগাছি বিল ও মসজিদের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান কেরামত আলী এবং ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বখতিয়ার বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলে আসছিলো। এরই জের ধরে আধিপত্য নিয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে বখতিয়ার বিশ্বাসের সমর্থকরা কেরামত আলীর সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনা ছড়িয়ে পড়লে দুই গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র-শন্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে কেরামত আলী গ্রুপের সমর্থক বিল্লাল ও বখতিয়ার বিশ্বাস গ্রুপের সমর্থক এনামুল নিহত হয়। এছাড়া উভয় গ্রুপের কমপক্ষে ১৫জন আহত হয়। আহতদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রতন শেখ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়স্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সংঘর্ষের সাথে জড়িত ১০জনকে আটক করা হয়েছে।
স/মা

