আমরা বিভিন্ন ফরম্যাটে দ্রুত মানিয়ে নিতে পারিনা:
মোঃ সামসুল ইসলাম, ক্রীড়া ভাষ্যকার
কোভিড ১৯ এর কারনে দেশের ক্রীড়াঙ্গনে ধারাবাহিকতার ঘাঢ়তি দৃশ্যমান। চলতি মৌসুমের ঘরোয়া ক্রিকেট শুরু হয়েছিল এনসিএল দিয়ে, তারপরই শুরু হয় বিসিএল। দুটোই ছিল ৪ দিনের লংগার ভার্সন ফরম্যাট। এরপর শুরু হয় ৪ দলের বিসিএল ওডিআই টুর্ণামেন্ট।
এবারের এই বিসিএল ওডিআই টুর্ণামেন্ট এর প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সিলেটের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এবং আউটার স্টেডিয়ামে। প্রথাগতভাবে আমরা জানি সিলেটের মাঠ ব্যাটিং সহায়ক বা অনেক বেশি স্পোর্টিং। কিন্তু এবারের বিসিএলে দলগুলোর ব্যাটাররা আমাদের ভীষণ হতাশ করেছেন।
৫০ ওভারের ইনিংসে ১ম ম্যাচে রান উঠেছে – সাউথ জোন ১৬২, সেই রান ৩১ ওভারে ২ উইকেটে টপকে যায় নর্থ জোন।
২য় ম্যাচে- সেন্ট্রাল জোন থামে ১৭৭ রানে জবাবে ইস্ট জোন ৪৭ ওভারে ১৫৫তে অলআউট।
৩য় ম্যাচে- ইস্ট জোন করে ১৯২/৮ রান, সাউথ জোন ৪৬ ওভারে তা টপকে যায় ৭ উইকেট হারিয়ে।
৪র্থ ম্যাচে- সেন্ট্রাল জোন করে ২৬২/৫, জবাবে নর্থ জোন করে ২৩৪/৯।
৫ম ম্যাচে – সেন্ট্রাল জোন করে ২২০/৮, জবাবে নর্থ জোন ৮ বল হাতে রেখে করে ২২৫/৫।
৬ষ্ঠ ম্যাচে – নর্থ জোন করে ২১৬ রান, জবাবে ইস্ট জোন ৩৮ ওভারে ২১৭/৬ করে।
ফাইনালে সাউথ জোন করে ১৬২ রান, জবাবে সেন্ট্রাল জোন ৪৩ ওভারে ১৬৪/৪ রান করে শিরোপা জিতে নেয়। তারা এ মৌসুমের ৪ দিনের লংগার ভার্সন শিরোপাও জিতেছে।
তাহলে কি দেখা যাচ্ছে, ৪র্থ, ৫ম এবং ৬ষ্ঠ ম্যাচে দুশতাধিক রান দেখা গেছে। বাকি ৪টি ম্যাচে তা্ও দেখা যায়নি। এখানে পিচ দায়ী নাকি আমাদের ব্যাটারদের সামর্থ্যের সিমাবদ্ধতা দায়ী। এটা নিয়েই আমার এ লেখার সুত্রপাত।
আধুনিক ক্রিকেট বিশ্বে ক্রিকেটে ব্যাটারদের সামর্থ্য নির্ণয় করা হয় তার ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট দেখে। বলতে দ্বিধা নেই বিশ্বমানের ক্রিকেটারদের চেয়ে আমাদের শীর্ষ খেলোয়াড়দের ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট দুটোই বেশ কম।
এই ব্যাটাররা কদিন আগেই এসসিএল এবং বিসিএল লংগার ভার্সন খেলেছেন। হয়তো সেই ফরম্যাটের অভ্যাস থেকে দ্রুত বেরিয়ে এসে একদিনের ম্যাচের সাথে নিজেদের মানিয়ে নিতে পারেননি। হতে পারে এবার যে পিচে খেলা হলো সেগুলো খুব বেশি স্পোটিং ছিলনা। কিন্তু সব ছাপিয়ে আমাদের ব্যাটারদের মেধা, দক্ষতা এবং অভ্যাস (ভিন্ন ফরম্যাটের সাথে দ্রুত মানিয়ে নেয়া) বিশ্বমানের চেয়ে অনেক পিছিয়ে তা বলাই যায়।
এবার দেখে নিই শীর্ষ ৫ রান সংগ্রাহকের পরিসংখ্যান। যদিও এবারের আসরে কোন শতক হয়নি।
১. ইমরুল কায়েস ৩ ইনিংসে ২টি অর্ধশতক সহ সর্বোচ্চ ১৬৫ রান করেছেন। গড়- ৫৫, স্ট্রাইক রেট ৭৩।
২. মোসাদ্দেক হোসেন ৪ ইনিংসে ১টি অর্ধশতক সহ ১৪৮ রান করেছেন। গড়- ৭৪, স্ট্রাইক রেট ৬৩।
৩. পিনাক ঘোষ ৪ ইনিংসে ১টি অর্ধশতক সহ ১৪৫ রান করেছেন। গড়- ৩৬, স্ট্রাইক রেট ৬৭।
৪. তা্ওহিদ হৃদয় ৪ ইনিংসে ২টি অর্ধশতক সহ ১৪৩ রান করেছেন। গড়- ৪৭, স্ট্রাইক রেট ৭৪।
৫. নাইম ইসলাম ৩ ইনিংসে ২টি অর্ধশতক সহ ১৩৮ রান করেছেন। গড়- ৬৯, স্ট্রাইক রেট ৭০।
এখানে শীর্ষ ৫জনকে বিবেচনায় নিলে তাদের গড় বেশ ভাল কিন্তু স্ট্রাইক রেট মোটেও একদিনের ক্রিকেট উপযোগি নয়।
এদিকে বহুল কাঙ্খিত বিপিএল (টি/২০ ফরম্যাটে ) শুরু হচ্ছে আগামী ২১ জানুয়ারী ২০২২। এই খেলোয়াড়রাই খেলবেন সেখানে। তারা কি পারবেন লংগার ভার্সন থেকে ওডিআই এবং সেখান থেকে আবার টি/২০ তে দ্রুত মানিয়ে নিতে! নাকি এবারের বিপিএলও স্লো এবং লো পিচ আর আমাদের ব্যাটারদের সামর্থ্যের সীমাবদ্ধতার কারনে লো স্কোরিং ম্যাচে/টুর্ণামেন্টে পরিনত হবে।
স/এষ্

