নাটোরের বনপাড়ার মালিপাড়া এলাকায় আফতাব ফিড কোম্পানির একটি কারখানায় অগ্নিকাণ্ডে কারখানার ব্যাপক পরিমাণ মালামালসহ কাঁচামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা মালিক দাবী করেছে।
কারখানার শিফট ইনচার্জ মোখলেছুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বড়াইগ্রামের বনপাড়ার মালিপাড়া এলাকার মুরগি ও মাছের খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আফতাব ফিড কোম্পানির কারখানার কন্ট্রোল রুমের কাছ থেকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মালামাল প্যাকিং করার জন্য রাখা চটের বস্তায় আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানায় থাকা প্রস্তুতকৃত মালামাল ও কাঁচামালসহ প্রায় এককোটি টাকার ক্ষতি হয়েছে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রইস উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কন্ট্রোল বোর্ডের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।
স/শা

