ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় ৪র্থ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল দল। আজ বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল খেলার ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রথমার্ধের ২৩ মিনিটের মাথায় দলের জয়সূচক ও একমাত্র গোলটি করেন আইন বিভাগের শিক্ষার্থী রয়েল।
গত ৩১ মার্চ ১৭ টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। এতে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গ্রুপ পর্বে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৪-০ গোলে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। কোয়ার্টার ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল আসে তারা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় ২য় সেমিফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ঘরের মাঠে ফাইনাল নিশ্চিত করে ইবি টিম। শুক্রবার হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ১-০ গোলের জয়ের গৌরব অর্জন করে। এর আগে সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকারী দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার আহবায়ক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার শাহ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল হক, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মোস্তফিজুর রহমান ও মাবিলা রহমান।
স/এষ্

