আদিবাসীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন
রাজশাহী প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলংগা থানার চৈত্রহাটি শ্রীশ্রী জগদিশ্বরী মাতা মন্দিরের সম্পত্তি রক্ষা ও আদিবাসীদের নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স (এইচআরডি) ফোরাম রাজশাহীর উদ্যোগে আজ ২১ অক্টোবর ২০২০ মঙ্গলবার বেলা ১১.৩০টায় রাজশাহী মুক্তিযুদ্ধ পাঠাগারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এইচআরডি ফোরাম রাজশাহীর আহ্বায়ক অনিল রবিদাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আইইডির আইপি ফেলো আন্দ্রিয়াস বিশ্বাস। বক্তব্য রাখেন, কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পহান, কেন্দ্রীয় সদস্য মলি বিশ্বাস, অনিল গজার প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা, সিরাজগঞ্জের চৈত্রহাটির ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগদিশ্বরী মাতার মন্দিরের অধিকাংশ জমি ভূমিদস্যুরা বেআইনীভাবে দখল করে নিয়েছে। এছাড়াও মন্দিরের অন্যান্য সম্পত্তি দখলের চেষ্টা প্রতিনিয়ত করা হচ্ছে। আদিবাসীরা বাধা দিতে গেলে বিভিন্ন রকমের হয়রানিমূলক মিথ্যা মামলা ও নির্যাতন চালানা হয়।
এতে সেখানকার আদিবাসীরা নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছে। বক্তারা, মন্দিরের সম্পত্তি ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা ও আদিবাসীদের নামের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
স/এষ্

