ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস


ফেব্রুয়ারি ২১, ২০১৮ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

 

একুশ মানে মাথা নত না করা- প্রত্যয়ে আজ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে ভাষা শহীদদের।   বুধবার একুশের প্রথম প্রহর থেকেই ফুলে ফুলে ভরে উঠছে দেশের শহীদ মিনারগুলোর বেদী। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গর্ব আর শোকের এই দিনটি পালন করছে জাতি।

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাড়ে ছয়টার পর থেকে বিএনপির নেতা-কর্মীরা ঢাকার নিউমার্কেটের বিপরীতে বলাকা সিনেমা হলের সামনে জড়ো হতে থাকেন। সকাল আটটার দিকে প্রথমে মিছিল নিয়ে আজিমপুর কবরস্থানে ভাষাশহীদ শফিউর রহমান ও আবুল বরকতের কবর জিয়ারত করেন বিএনপির নেতা-কর্মীরা।

এরপর আজিমপুর কবরস্থান থেকে মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে যায় বিএনপি। সেখানে বেলা সোয়া ১১টার দিকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতারা।

শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির মহাসচিব বলেন, ‘এই দিনে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল ও দলের চেয়ারপারসনের পক্ষ থেকে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। আজকে এমন এক সময় এ দিবস আমাদের পালন করতে হচ্ছে, যখন বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে।’ তিনি বলেন, সমস্ত রীতিনীতি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।

একুশের গুরুত্ব উল্লেখ করে ফখরুল ইসলাম বলেন, এই দিনে শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি। সমগ্র জাতি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলন স্বাধীনতাসংগ্রামের মূল ভিত্তি ছিল।

ফখরুল ইসলাম বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে সংসদ পর্যন্ত দলীয়করণ করা হয়েছে। খালেদা জিয়া চিরকাল গণতন্ত্রের সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তাঁকে একটি মিথ্যা মামলায় কারাগারে দিন যাপন করতে হচ্ছে। তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখ, কষ্ট ও ভারাক্রান্ত হৃদয়ে দিনটি পালন করছি।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সমগ্র বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ও দেশনেত্রীকে মুক্ত করার জন্য একটি ঐক্যবদ্ধ গণ-আন্দোলন গড়ে তুলব এবং যে সরকার জগদ্দল পাথরের মতো বসে আছে, তাদের সরিয়ে ও পরাজিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক সুকমল বড়ুয়া, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দল এবং বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ভাষাশহীদদের শ্রদ্ধা জানান।

 

স/মা