আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করেছে বখাটেরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ধর্ষণের সহযোগিতা করায় ৩ জনকে আটক করেছে আগৈলঝাড়ায় থানা পুলিশ। স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বাহাদুপুর গ্রামের দীজেন জয়ধরের ছেলে দীপক জয়ধর দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে বসে মাদক ও নারী ব্যবসা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে বাড়ির পাশের এক স্কুল ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাহিরে আসলে ওঁৎ পেতে থাকা দীপক ও তার স্ত্রী কচি জয়ধর জোরপূর্বক তাকে ধরে নিয়ে যায়। পরে দীপকের ঘরে নিয়ে ওই স্কুল ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে একই এলাকার যুধিষ্ঠির শীলের ছেলে তাপস শীলের সহযোগিতায় তার অজ্ঞাতনামা বন্ধুরা মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে। বাড়ির লোকজন টের পেলে তাপস ও তার বন্ধুরা পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশের এ এস আই মিন্টুলাল হীরা রাতেই ধর্ষিতাকে উদ্ধারসহ ধর্ষণে সহযোগিতা করার জন্য দীপক জয়ধর, তার স্ত্রী কচি জয়ধর ও দীপকের মাতা পুষ্প জয়ধরকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান।
স/মা

