ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আগামীকাল রোববার আখেরী মোনাজাত

admin
জানুয়ারি ১০, ২০২০ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান শোভন, টঙ্গী থেকে : মুসলিম জাহানের দ্বিতীয় ধর্মীয় সমাবেশ তাবলীগ জামাতের এবারের ৫৫তম বিশ্ব ইজতেমা গতকাল শুক্রবার থেকে টঙ্গীর কহরদরিয়াখ্যাত তুরাগ নদের তীরে শুরু হয়েছে। শুক্রবার প্রথম দিনে এযাবতকালের সর্ববৃহৎ জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ শুরু হয়। নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জোবায়ের। প্রথম পর্বের এই ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমা স্থলে হাজির হন।

সকাল থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সবস্থান জনসমুদ্রে পরিণত হয়।

ঠাই ছিল না তিলধারণের। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন জুমার নামাজ আদায় করার জন্য। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন।

ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। টাঙ্গাইল থেকে আসা মুসল্লি এবাদত হোসেন জানান, বড় জামাতে নামাজ আদায় করা অনেক ফজিলত। তাই জুমার নামাজ আদায় করার জন্য ভোরেই বাড়ি থেকে বের হয়েছি।

জুম্মার নামাজে শরিক হন ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান প্রমুখ।

নিরাপত্তা ব্যবস্থা: গাজীপুর মেট্রোপুলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, জুমার নামাজ আদায় করতে আশপাশের জেলার অনেক মুল্লিরা এখানে আসেন। জুমার নামাজ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেয়া হয়েছে। যানজটমুক্তভাবে চলাচলের জন্য পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ রাখা হয়েছে। জুমার নামাজে অংশ নেয়া মানুষ যাতে নিবিঘ্নে আসা যাওয়া করতে পারে।

তিনি বলেন, আগামী রবিবার আখেরী মোনাজাতের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। তাবলীগ অনুসারী মুসল্লী ছাড়াও অসংখ্য মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে আসেন। মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানজট এড়াতে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে।

ইজতেমা শেষে যাওয়ার সময় একই রকম ব্যবস্থাপনা অব্যাহত থাকবে। আগামী ১৭ জানুয়ারী থেকে দ্বিতীয় পর্ব শুরু হয়ে ১৯ জানুয়ারী রোববার আখেরী মোনাজাতের মাধ্যমে এবারের বিশ^ ইজতেমা সমাপ্তি ঘটবে। দ্বিতীয় পর্বেও আগত লাখো লাখো মুসল্লীদের সুবিধার জন্যও সব রকম ব্যবস্থা থাকবে। আমরা নাগরিকদের কাছে আশা করব তারা যেন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখেন। রাস্তায় যে ট্রাফিক পুলিশ কাজ করবে তাদের সহযোগিতা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর মেট্রোপুলিশ, হাইওয়ে পুলিশ।

বিশ্ব ইজতেমা ময়দানে এ পর্যন্ত ৪ মুসল্লির মৃত্যু
এবারের বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত ৪ মুুসল্লির মৃত্যু হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটিএসবি) মো. মাকসুদুর রহমান জানান, শুক্রবার সকালে নওগাঁ জেলার আত্রাই থানার পাইকার গ্রামের সোলায়মানের ছেলে শহিদুল ইসলাম (৫৫) বার্ধক্যজনিত রোগে মারা যান।

এছাড়া সিরাজগঞ্জের কাজিপুর থানার পাটগ্রাম এলাকার আমির হোসেনের ছেলে খোকা মিয়া (৬০) বৃহস্পতিবার রাত ৯টার দিকে হৃদরোগে এবং মধ্যরাতে চট্টগ্রামের পটিয়া থানার খৈগ্রাম এলাকার শুরা মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৭০) বার্ধক্যজনিত রোগে মারা যান। শুক্রবার বাদ ফজর ইজতেমা ময়দানে তাদের জানাজা সম্পন্ন হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া লাখীলপাড়া এলাকার হাসেম আলী সিকদরের ছেলে ইয়াকুব আলী সিকদার (৮৫) নামে এক মুসল্লি ইজতেমা ময়দানে মারা যান।

ইজতেমা মাঠে ঠাঁই নেই, ফুটপাতে মুসল্লিদের অবস্থান:
কনকনে শীত আর শৈত্যপ্রবাহ উপেক্ষা করে টঙ্গীতে ইজতেমামুখী মুসল্লিদের ঢল নেমেছে। বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব মুসলিমের অন্যতম বৃহৎ এ ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা শুরু হয়। যদিও শুক্রবার বাদ ফজর প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কাথা ছিল।

ইজতেমার মুরুব্বি মাওলানা মেজবাহ উদ্দিন বলেন, বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান শুরু করেন। এর বাংলায় তরজমা করেন হাফেজ মাওলানা জুবায়ের। আর এ বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমা।

তিনি আরও জানান, চাঁদের হিসেবে বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে অর্থাৎ এদিন সূর্য ডোবার পর থেকেই শুক্রবার গণণা শুরু হয়ে গেছে। তাই তারা এ সময় থেকেই আম বয়ানের মধ্য দিয়ে এবারের ইজতেমা শুরু করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও মুসল্লিরা ইজতেমা মাঠ ত্যাগ করেননি। বৃহস্পতিবার দুপুরের মধ্যে পুরো ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইজতেমা ময়দানে স্থান সংকুলান না হওয়ায় মুসল্লিরা ময়দানের পাশের রাস্তা ও ফুটপাতে পলিথিনে সামিয়ানা টানিয়ে তার নিচেই অবস্থান নিয়েছেন।

এছাড়া কামারপাড়া সড়কসহ ইজতেমার সব সড়কে ফুটপাতে মুসল্লিরা বিছানা পেতে বসে পড়েন। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইজতেমামুখী মানুষেরে স্রোত অব্যাহত ছিল।

ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা:
বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীতে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাঁচ সেক্টরে ভাগ করে পাঁচ স্তুরের নিরাপত্তার লক্ষ্যে ইজতেমার ময়দানসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি স্তর বা সেক্টরের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

বৃহস্পতিবার থেকেই দুই পর্বের ইজতেমায় পুলিশ, র‌্যাব, সাদা পোশাকধারী বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ আট হাজার সদস্য মোতায়েন করা হয়।

ইজতেমা মাঠের নিরাপত্তা নিশ্চিতে চার শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের করা হয়েছে। ২০টি প্রবেশপথসহ চারপাশের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিকি ক্যামেরা।

এছাড়াও থাকছে মেটাল ডিটেক্টর, বাইনোকুলার, নাইটভিশন গগলস, পুলিশ ও র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট, নৌটহল, হেলিকপ্টার টহল, মুসল্লিদের খিত্তাওয়ারী মোটরসাইকেল টহল ও বিশেষ নিরাপত্তা যন্ত্র আর্চওয়ে।

প্রতিটি খিত্তায় বিশেষ টুপি পরিহিত ও সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করবেন। তারা কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতার ইঙ্গিত পেলে বিশেষ সিগন্যালের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক অবহিত করবেন।

এছাড়াও পুলিশের পক্ষ থেকে ১৫টি ও র‌্যাবের পক্ষ থেকে ১০টি ওয়াচ টাওয়ার স্থাপন, ১১টি চেকপোস্ট, হেলিকপ্টার ওঠানামার জন্য দুটি পয়েন্টে হ্যালিপ্যাড ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা মনিটরিংয়ের জন্য একটি প্রধান কন্ট্রোল রুম ও আটটি সাব কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

এছাড়াও তারা ইজতেমা মাঠসহ আশপাশের কোথায় কী হচ্ছে না হচ্ছে প্রত্যক্ষ করার জন্য ল্যাপটপ ও কম্পিউটারের স্ক্রিনে সার্বক্ষণিক নজর রাখবেন।

রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি। ১৯ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২০ সালের বিশ্ব ইজতেমা।

স/এষ্