অনলাইন ডেস্ক
অ্যাপল-স্যামসাং-হুয়াওয়ের মধ্যে পাল্লা শুরু হয়ে গেছে। ব্যাপারটা এমন যে তুমি আর কী এমন করেছ, আমারটা দেখ! অ্যাপলের আইফোন টেন ঘোষণার পর থেকেই যেন ‘সুপার ফোন’-এর উত্তাপটা টের পাওয়া যাচ্ছে। স্যামসাং নোট ৮-এর পর অ্যাপল ঘোষণা দিয়েছে আইফোন টেন। কদিন পর গুগল আনছে পিক্সেল ২। কিন্তু এসব ফোনকে টেক্কা দেওয়ার কথা বলছে চীনের স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে।
সত্যিকারের কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত স্মার্টফোন (এআই) আনার দাবি করছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি নিজেদের সামাজিক যোগাযোগের চ্যানেলগুলোতে একটি ভিডিও ছেড়েছে প্রতিষ্ঠানটি। ভিডিওতে হুয়াওয়ে দেখাচ্ছে অ্যাপলের আইফোন টেনের ফেস আইডি ও বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে মোটেও খুশি নয় তারা। শিরোনামে হুয়াওয়ে লিখেছে, ‘লেট’স ফেস ইট, ফেসিয়াল রিকগনিশন ইজ নট ফর এভরিওয়ান। আনলক দ্য ফিউচার উইথ #দ্যরিয়ালএআইফোন।
হুয়াওয়ের এ টিজার মূলত তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন মেট ১০ উপলক্ষে তৈরি করা হয়েছে। আইফোনকে টক্কর দিতে ১৬ অক্টোবর ফোনটির ঘোষণা দেবে হুয়াওয়ে।
হুয়াওয়ে বরাবরই নিজেদের উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে দাবি করে। বর্তমানে প্রতিষ্ঠানটি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। নতুন কিরিন ৯৭০ এসওসি বা নতুন চিপসেটকে বুদ্ধিমান চিপসেট বলছে প্রতিষ্ঠানটি। নতুন এই কৃত্রিম বুদ্ধিমান চিপসেটে দ্রুতগতির প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি, ইনস্ট্যান্ট ছবি চেনার মতো প্রযুক্তি থাকবে।
নতুন এই চিপসেটচালিত স্মার্টফোন বাজারে ছেড়েই স্মার্টফোন বাজারের শীর্ষ দুই প্রতিষ্ঠান স্যামসাং ও অ্যাপলকে ধরার চেষ্টা করছে হুয়াওয়ে। নতুন এ চিপসেটকে হুয়াওয়ের পক্ষ থেকে বলা হচ্ছে প্রথম নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ)।
হুয়াওয়ে মেট ১০-এর টিজার প্রকাশ করেছে হুয়াওয়ে।কিরিন ৯৭০ চিপনির্ভর নতুন ফ্ল্যাগশিপ ফোন মেট ১০ আসার বিষয়টি চলতি মাসের শুরুতেই নিশ্চিত করেছে হুয়াওয়ে কর্তৃপক্ষ। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য নির্দিষ্ট কোর ঠিক করা থাকবে।
হুয়াওয়ে বলছে, মেট ১০ হবে সম্পূর্ণ বেজেলহীন ডিসপ্লের ফোন, যাকে বলা হচ্ছে এন্টায়ার ভিউ। এর মাধ্যমে এলজির জি৬, স্যামসাং গ্যালাক্সি এস ৮ ও আইফোন টেনকে পেছনে ফেলবে তারা। এতে ফেসিয়াল রিকগনিশন, অগমেন্টেড রিয়্যালিটি ও থ্রিডি সেন্সিংয়ের মতো সুবিধা থাকবে বলে নিশ্চিত করেছ হুয়াওয়ে কর্তৃপক্ষ।
ফোনটির পেছনে লেইকা ব্র্যান্ডের ডুয়াল ক্যামেরা, যাতে ২০ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর ও ১২ মেগাপিক্সেল আরিজিবি সেন্সর সেটআপ থাকবে। ৬ ইঞ্চি মাপের ডিসপ্লে থাকবে এতে। ফোনটির দাম? এখনো আপাতত এ বিষয়ে মুখ খোলেনি চীনা প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র: এনডিটিভি।
স/মা

